যশোরে এনডিএফের উদ্যোগে ‘সীরাত কনফারেন্স ২০২৬’ অনুষ্ঠিত
সাইফুল্লাহ খালিদ
নিউজ প্রকাশের তারিখ : ২৬ অগাস্ট ২০২৬, ০৮:২২
নিজস্ব প্রতিবেদক:
চিকিৎসকদের সংগঠন ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ) যশোর জেলা শাখার উদ্যোগে ‘সীরাত কনফারেন্স ২০২৬’ ও সীরাত অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়েছে। বুধবার শহরের জেএস টাওয়ারের অবস্থিত ক্যাফে ডিলাইট কনফারেন্স হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এনডিএফ যশোর জেলা শাখার সভাপতি ডা. শরীফুজ্জামান রঞ্জুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর-৫ (মনিরামপুর) আসনের সংসদ সদস্য ও বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ অ্যাডভোকেট গাজী এনামুল হক।
প্রধান আলোচক হিসেবে সিরাতভিত্তিক গুরুত্বপূর্ণ বক্তব্য দেন বিশিষ্ট ইসলামিক স্কলার মাওলানা হাসান আল-মামুন লাল। তিনি বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.)-এর আদর্শ ও সিরাতের বাস্তব প্রয়োগ নিয়ে আলোচনা করেন।
তিনি বলেন, আমাদের প্রাত্যহিক জীবনের সব ক্ষেত্রে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর সুন্নাহ ও আল্লাহর দেখানো পথ অনুসরণ করতে হবে। ইসলামে দ্বৈত জীবনযাপনের কোনো সুযোগ নেই। ব্যক্তিগত, সামাজিক ও পেশাগত—জীবনের প্রতিটি ক্ষেত্রে রাসুলুল্লাহ (সা.)-এর সুন্নাহকে পূর্ণাঙ্গভাবে অনুসরণ করাই সফলতার পথ।
প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট গাজী এনামুল হক বলেন, সীরাতের আলোচনার মূল শিক্ষা হলো জীবনের বাকি দিনগুলোতে আল্লাহর দেখানো পথ এবং রাসুলুল্লাহ (সা.)-এর বাস্তব পদ্ধতি গ্রহণ করা। এর মাধ্যমে মানুষের জীবনের ভুলত্রুটি সংশোধন করা সম্ভব।
তিনি বলেন, রাসুলুল্লাহ (সা.)-এর চরিত্র ছিল পবিত্র কোরআনের বাস্তব প্রতিফলন। ব্যক্তিজীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন কিংবা চিকিৎসকের পেশাগত জীবন—সব ক্ষেত্রেই কোরআন ও সুন্নাহ অনুসরণ করতে হবে। দ্বৈত বা আংশিক জীবনযাপনের কোনো সুযোগ ইসলামে নেই।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পেশাজীবী শাখার সভাপতি খন্দকার রশীদুজ্জামান রতন এবং বায়োফার্মা লিমিটেডের সিনিয়র ডেপুটি সেলস ম্যানেজার মাকসুদুর রহমান।
স্বাগত বক্তব্য দেন এনডিএফ যশোর জেলা শাখার সহসভাপতি ও শিশু রোগ বিশেষজ্ঞ ডা. মাহফুজুর রহমান।
এ সময় আরও উপস্থিত ছিলেন পেশাজীবী থানা শাখার সেক্রেটারি জি এম আবু ফয়সাল এবং এনডিএফ যশোর জেলা শাখার সহসভাপতি ডা. আনিছুর রহমানসহ নেতৃবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল, যশোরের এনডিএফ সভাপতি ডা. শের আলী।
অনুষ্ঠান শেষে সীরাত অলিম্পিয়াডে বিজয়ী ১০ জনের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।
আপনার মতামত লিখুন :