• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল করল সরকার


FavIcon
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ১১ জুন ২০২৬, ১৩:৪৮
ছবির ক্যাপশন: ad728

নিজস্ব প্রতিবেদক 
রাজধানীর মগবাজারের আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল করেছে সরকার। গত মে মাসে হাসপাতালটির একটি ওয়ার্ডে একসঙ্গে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটির রিপোর্টে অবহেলার প্রমাণ পাওয়ায় এই কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষকে দেওয়া কারণ দর্শানোর (শোকজ) নোটিশের জবাব সন্তোষজনক না হওয়ায় স্বাস্থ্য অধিদপ্তর এই আদেশ জারি করে।

বৃহস্পতিবার (১১ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের পক্ষে পরিচালক (হাসপাতাল ও ক্লিনিকসমূহ) ডা. আবুল হোসেন মো. মঈনুল আহসান স্বাক্ষরিত এক আদেশে লাইসেন্স বাতিলের বিষয়টি নিশ্চিত করা হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের আদেশে বলা হয়, গত ২৭ মে আদ্-দ্বীন হাসপাতালের একটি ওয়ার্ডে ৬ নবজাতকের মৃত্যুর ঘটনা ঘটে। ওই মর্মান্তিক ঘটনার পর মন্ত্রণালয় কর্তৃক গঠিত উচ্চপর্যায়ের একটি তদন্ত কমিটি ঘটনার তদন্তে নামে। কমিটির চূড়ান্ত রিপোর্টে বলা হয়, সংশ্লিষ্ট ওয়ার্ডে তীব্র অক্সিজেন স্বল্পতা এবং হাসপাতাল কর্তৃপক্ষের চরম অবহেলাই এই নবজাতকদের মৃত্যুর মূল কারণ।

তদন্ত রিপোর্টের ওপর ভিত্তি করে হাসপাতালটির লাইসেন্স কেন বাতিল করা হবে না—তা জানতে চেয়ে তিন দিনের (৭২ ঘণ্টা) সময় বেঁধে দিয়ে শোকজ নোটিশ পাঠায় স্বাস্থ্য অধিদপ্তর। হাসপাতাল কর্তৃপক্ষ অতিরিক্ত ৪৮ ঘণ্টা সময় চেয়ে গত ৯ জুন একটি লিখিত জবাব দাখিল করে। তবে সেই জবাবে দেওয়া ব্যাখ্যা স্বাস্থ্য অধিদপ্তরের কাছে সন্তোষজনক মনে হয়নি। ফলে The Medical Practice and Private Clinics and Laboratories (Regulation) Ordinance, 1982 এর ১১(২) (খ) ধারা অনুযায়ী হাসপাতালটির লাইসেন্স বাতিল করা হয়।

তবে সংশ্লিষ্ট অধ্যাদেশের ১২ ধারা অনুযায়ী, লাইসেন্স বাতিলের এই সিদ্ধান্তের বিরুদ্ধে আগামী ৩০ দিনের মধ্যে পুনর্বিবেচনার জন্য সরকারের কাছে আপিল করার সুযোগ পাবে আদ্-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষ।