ইইউ-এর মূল্যায়ন: নির্বাচন ছিল বিশ্বাসযোগ্য ও স্বচ্ছ, প্রয়োজন আরও কিছু সংস্কার
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৩৩
স্বপ্নভূমি ডেস্ক :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে নিজেদের প্রাথমিক পর্যবেক্ষণ ও মূল্যায়ন প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন পর্যবেক্ষণ মিশন। মিশনটি এই নির্বাচনকে ‘আন্তর্জাতিক মানের’, ‘প্রতিযোগিতামূলক’ এবং ‘বিশ্বাসযোগ্য’ হিসেবে অভিহিত করেছে। তবে সরাসরি ভোটে নারী প্রতিনিধির সংখ্যা আশাব্যঞ্জক না হওয়ায় গভীর হতাশা প্রকাশ করেছে সংস্থাটি।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে মিশনের প্রধান ইভার্স ইজাবস নির্বাচনের সামগ্রিক চিত্র তুলে ধরেন। তিনি বলেন:
"ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন গ্রহণযোগ্য এবং দক্ষতার সঙ্গে পরিচালিত হয়েছে। এটি বাংলাদেশে গণতান্ত্রিক শাসন এবং আইনের শাসন পুনরুদ্ধারের দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।"
ইভার্স ইজাবস আরও উল্লেখ করেন যে, ২০০৮ সালের পর প্রথমবারের মতো বাংলাদেশে একটি সত্যিকারের প্রতিযোগিতামূলক নির্বাচন অনুষ্ঠিত হলো, যা মূলত আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।
নির্বাচন কমিশনের (ইসি) স্বাধীনতার প্রশংসা করে ইইউ মিশন প্রধান বলেন, কমিশন স্টেকহোল্ডারদের আস্থা বজায় রেখে অত্যন্ত স্বচ্ছতার সঙ্গে কাজ করেছে। অন্তর্বর্তীকালীন সরকার এবং অন্যান্য স্টেকহোল্ডাররা কমিশনকে পূর্ণ সমর্থন দেওয়ায় জনস্বার্থ সংশ্লিষ্ট তথ্য ও গণমাধ্যমের প্রশ্নের দ্রুত জবাব দেওয়া সম্ভব হয়েছে। তিনি ২০২৫ সালের আইনি সংস্কারগুলোকে অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের ভিত্তি হিসেবে বর্ণনা করেন। তবে প্রাতিষ্ঠানিক জবাবদিহিতা বাড়াতে আরও কিছু সংস্কারের পরামর্শও দেন তিনি।
নির্বাচন সফল হলেও নারী অংশগ্রহণ নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে ইইউ মিশন। ইভার্স ইজাবস বলেন, এবারের নির্বাচনে নারী প্রার্থীর সংখ্যা ছিল নগণ্য। একইভাবে ভোটে নির্বাচিত হয়ে আসা নারী প্রতিনিধির সংখ্যাও মোটেও আশাব্যঞ্জক নয়, যা একটি অন্তর্ভুক্তিমূলক গণতন্ত্রের জন্য উদ্বেগের বিষয়।
মিশন প্রধান লক্ষ্য করেছেন যে, বিক্ষিপ্ত কিছু স্থানীয় রাজনৈতিক সহিংসতা মূলত ‘অনলাইন আখ্যান’ বা ডিজিটাল অপপ্রচারের মাধ্যমে সৃষ্ট। এ ধরনের কর্মকাণ্ড গণতান্ত্রিক প্রক্রিয়াকে ক্ষতিগ্রস্ত করে বলে তিনি মন্তব্য করেন।
উল্লেখ্য, ২০০৮ সালের পর এবারই প্রথম বাংলাদেশে পূর্ণাঙ্গ মিশন পাঠিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। এই মিশনে মোট ২০০ জন পর্যবেক্ষক দায়িত্ব পালন করেছেন, যার মধ্যে ৯০ জন ছিলেন সংক্ষিপ্তকালীন পর্যবেক্ষক।
আপনার মতামত লিখুন :