ভোক্তাপর্যায়ে কমল এলপিজির দাম, ১২ কেজির সিলিন্ডারে কমলো ৫৫ টাকা
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ০২ জুন ২০২৬, ১১:৩০
অর্থনৈতিক প্রতিবেদক
ভোক্তাপর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম কিছুটা কমেছে। সবচেয়ে বেশি ব্যবহৃত ১২ কেজি সিলিন্ডারের দাম ১৯৪০ টাকা থেকে ৫৫ টাকা কমিয়ে ১৮৮৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
মঙ্গলবার (২ জুন) এক বিজ্ঞপ্তিতে নতুন এই দাম ঘোষণা করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। আজ সন্ধ্যা থেকেই নতুন এই মূল্য কার্যকর হবে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১২ কেজি সিলিন্ডারের পাশাপাশি কমছে গাড়িতে ব্যবহৃত অটোগ্যাসের দামও। প্রতি লিটার অটোগ্যাসের দাম ৮৯ টাকা ৫০ পয়সা থেকে ২ টাকা ৫৭ পয়সা কমিয়ে ৮৬ টাকা ৯৩ পয়সা নির্ধারণ করা হয়েছে।
এর আগে গত দুই দফায় এলপিজির দাম একলাফে অনেকটাই বেড়েছিল। সর্বশেষ গত ১৯ এপ্রিল ১২ কেজি সিলিন্ডারে ২১২ টাকা বাড়িয়ে ১৯৪০ টাকা নির্ধারণ করা হয়েছিল। তার ঠিক ১৭ দিন আগে ২ এপ্রিল বাড়ানো হয়েছিল আরও ৩৮৭ টাকা। মাত্র দেড় মাসের ব্যবধানে দুই দফায় ১২ কেজির সিলিন্ডারে মোট ৫৯৯ টাকা বৃদ্ধি করার পর এবার দাম কিছুটা কমাল বিইআরসি। আন্তর্জাতিক বাজারে কাঁচামালের দাম কমায় দেশেও এই সমন্বয় করা হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।
আপনার মতামত লিখুন :