আদালতে বিচারাধীন বিরোধকে কেন্দ্র করে যশোরে এক পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ২৬ মে ২০২৬, ০২:৪৫
নিজস্ব প্রতিবেদক
যশোর সদর উপজেলার কৃষ্ণবাটি এলাকায় আদালতে বিচারাধীন আর্থিক, ভিসা প্রসেসিং ও চুক্তিগত বিরোধকে কেন্দ্র করে একটি পরিবারের সদস্যদের ভয়ভীতি প্রদর্শন ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এই ঘটনায় চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা। এ বিষয়ে ভুক্তভোগীদের পক্ষ থেকে যশোর কোতোয়ালী মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
থানায় দেওয়া অভিযোগ সূত্রে জানা গেছে, গত ২৪ মে (২০২৬) দুপুর আনুমানিক ১২টার দিকে যশোর সদর উপজেলার কৃষ্ণবাটি (ভেকুটিয়া) এলাকায় ভুক্তভোগী পরিবারের বাড়িতে কয়েকজন ব্যক্তি যান। তারা নিজেদের স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউপি সদস্যা নাজমা বেগমের প্রতিনিধি হিসেবে পরিচয় দেন।
ভুক্তভোগী পরিবারের দাবি, ঘরে ঢুকে ওই ব্যক্তিরা বাড়ির নারী সদস্যদের সঙ্গে অত্যন্ত ঔদ্ধত্যপূর্ণ ও অশালীন আচরণ করেন। একপর্যায়ে তারা আইন বহির্ভূতভাবে টাকা আদায়ের উদ্দেশ্যে চাপ সৃষ্টি করেন এবং জোরপূর্বক বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়ার ইঙ্গিতসহ প্রাণনাশের হুমকি দেন।
অভিযোগে অভিযুক্ত হিসেবে পুলেরহাট বাজার (রাজগঞ্জ রোড) এলাকার জুতার ব্যবসায়ী সুমন, বেড়বাড়ী এলাকার রাজিব মাস্টারের ছেলে আপনসহ অজ্ঞাতনামা আরও ২/৩ জনের নাম উল্লেখ করা হয়েছে।
ভুক্তভোগী ফারিয়া বুলবুল গণমাধ্যমকে জানান, "পুরো বিষয়টি বর্তমানে আদালতে বিচারাধীন এবং আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছে। কিন্তু কিছু ব্যক্তি আইন নিজের হাতে তুলে নিয়ে আমাদের ওপর অবৈধভাবে চাপ সৃষ্টি ও হয়রানি চালিয়ে যাচ্ছে। বর্তমানে আমরা পুরো পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।"
এই পরিস্থিতিতে ভুক্তভোগী পরিবারটি প্রশাসনের ঊর্ধ্বতন মহলের দৃষ্টি আকর্ষণ করে জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর জরুরি সহযোগিতা কামনা করেছেন। কোতোয়ালী মডেল থানা পুলিশ জানিয়েছে, জিডির সূত্র ধরে বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আপনার মতামত লিখুন :