যশোরে ১ কোটি ১০ লাখ টাকার স্বর্ণের বারসহ পাচারকারী আটক
সাইফুল্লাহ খালিদ
নিউজ প্রকাশের তারিখ : ০৫ অগাস্ট ২০২৬, ০৮:২৭
নিজস্ব প্রতিবেদক:
যশোর-বেনাপোল মহাসড়কে অভিযান চালিয়ে ১ কোটি ১০ লাখ ৪৭ হাজার টাকা মূল্যের ৫২৯.৬৪ গ্রাম স্বর্ণের বারসহ মোঃ ফারুক (৩০) নামের এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৪৯ বিজিবি)। বুধবার (৫ আগস্ট) রাত আড়াইটায় দরগাহ ফিলিং স্টেশনের সামনে থেকে তাকে আটক করা হয়।
আটক ফারুক কুমিল্লার দাউদকান্দি থানার মোবারকপুর গ্রামের মনু মিয়ার ছেলে।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ফারুকের দেহে বিশেষভাবে লুকানো অবস্থায় ৪টি সম্পূর্ণ এবং ১টি খণ্ডিত স্বর্ণের বার পাওয়া যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানায়, ঢাকা থেকে যশোর হয়ে বেনাপোল দিয়ে স্বর্ণগুলো ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল। জব্দকৃত স্বর্ণ, দুটি মোবাইল ও নগদ টাকাসহ মোট সিজার ভ্যালু ধরা হয়েছে ১ কোটি ১০ লাখ ৮৩ হাজার ৮৮৬ টাকা।
যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, ভারতে স্বর্ণ পাচার রুখতে সীমান্তে বিজিবির আভিযানিক কার্যক্রম ও নজরদারি অব্যাহত রয়েছে। আটক আসামিকে মামলা দায়েরের পর যশোর কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
আপনার মতামত লিখুন :