ডলারে নয়, রিয়ালে দিতে হবে টোল; হরমুজ নিয়ে ইরান
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ৬ এপ্রিল ২০২৬, ১১:৩৩
আন্তর্জাতিক ডেস্ক
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক রুট ‘হরমুজ প্রণালি’র নিয়ন্ত্রণ নিয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা চরম আকার ধারণ করেছে। ইরানের ডেপুটি স্পিকার হাজী বাবেই সাফ জানিয়ে দিয়েছেন, হরমুজের পূর্ণ নিয়ন্ত্রণ এখন তেহরানের হাতে এবং এই পথ দিয়ে জাহাজ চলাচল করতে হলে অবশ্যই ইরানি মুদ্রায় (রিয়াল) টোল পরিশোধ করতে হবে।
বার্তা সংস্থা মেহের নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে হাজী বাবেই বলেন, “হরমুজ প্রণালি আমাদের জন্য ‘রেডলাইন’। বর্তমানে এর ওপর আমাদের পূর্ণ কর্তৃত্ব রয়েছে। এখান দিয়ে কোনো জাহাজ যেতে হলে টোল অবশ্যই ইরানি রিয়ালে দিতে হবে।”
একই সাথে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড (আইআরজিসি) হুঁশিয়ারি দিয়ে বলেছে, তাদের অনুমতি ছাড়া কোনো জাহাজ এই প্রণালি অতিক্রম করার চেষ্টা করলে সেটির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে, এমনকি প্রয়োজনে জাহাজ ধ্বংস করে দেওয়া হবে।
অন্যদিকে, হরমুজ প্রণালি অবরুদ্ধ থাকা সত্ত্বেও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল দাবি করেছেন যে, মার্কিন সেনারা শিগগিরই এই রুটটি খুলে দেবে। ট্রাম্পের দাবি অনুযায়ী, সেখানে থাকা মাইন অপসারণের কাজ শুরু করেছে মার্কিন নৌবাহিনী। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) দাবি করেছে, তাদের দুটি ডেস্ট্রয়ার মাইন অপসারণের উদ্দেশ্যে ইতোমধ্যে প্রণালিটি অতিক্রম করেছে।
মার্কিনিদের এই দাবিকে সরাসরি প্রত্যাখ্যান করেছে ইরান। তেহরানের পক্ষ থেকে জানানো হয়েছে, যুক্তরাষ্ট্রের কোনো জাহাজই এখন পর্যন্ত হরমুজ পার হতে পারেনি। তারা জানায়, একটি জাহাজ পার হওয়ার চেষ্টা করলেও ইরানি বাহিনীর সতর্কবার্তার মুখে সেটি পিছু হটতে বাধ্য হয়েছে।
বিশ্বের মোট জ্বালানি তেলের একটি বিশাল অংশ এই হরমুজ প্রণালি দিয়ে পরিবাহিত হয়। ফলে এই রুটটি বন্ধ হওয়া বা এখানে সামরিক উত্তেজনা বৃদ্ধি পাওয়া বিশ্ব অর্থনীতি ও জ্বালানি বাজারের জন্য বড় ধরনের ঝুঁকির কারণ হয়ে দাঁড়িয়েছে।
আপনার মতামত লিখুন :