নিজস্ব প্রতিবেদক
বিএনপি সরকারের পক্ষ থেকে গণভোটের গণরায় উপেক্ষা এবং রাষ্ট্র সংস্কারের জরুরি অধ্যাদেশগুলো বাতিলের প্রতিবাদে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আজ রোববার (৫ এপ্রিল) সন্ধ্যা ৬টায় রাজধানীর বাংলা মোটরে দলটির অস্থায়ী কার্যালয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হবে।
দলের পক্ষ থেকে পাঠানো এক জরুরি বার্তায় জানানো হয়, বর্তমান সরকারের সাম্প্রতিক কিছু পদক্ষেপ—বিশেষ করে রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে আনা গুরুত্বপূর্ণ অধ্যাদেশগুলো বাতিল করার বিষয়ে দলটির পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হবে। এছাড়া দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি ও সমসাময়িক বিভিন্ন বিষয়ে দলের অবস্থান পরিষ্কার করবেন শীর্ষ নেতারা।
সংবাদ সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ দলের কেন্দ্রীয় নীতিনির্ধারকগণ।
সংশ্লিষ্ট সূত্র জানায়, রাষ্ট্র সংস্কারের প্রশ্নে সরকারের অবস্থান এবং জনগণের রায় প্রতিফলনের দাবিতে এনসিপি আজ বড় কোনো ঘোষণা বা কর্মসূচির ইঙ্গিত দিতে পারে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বাংলা মোটরের এই সংবাদ সম্মেলন থেকে সরকারের ওপর চাপ তৈরির নতুন কোনো রূপরেখা আসতে পারে।
আপনার মতামত লিখুন :