যশোরে কবি আহাদ আলী মুন্নার একক কাব্যগ্রন্থ ‘কালবেলা চিঠি’র মোড়ক উন্মোচন
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ৬ জুন ২০২৬, ১৬:১৪
নিজস্ব প্রতিবেদক
যশোরে এক জমকালো ও আনন্দঘন পরিবেশে কবি আহাদ আলী মুন্নার একক কাব্যগ্রন্থ ‘কালবেলা চিঠি’-এর মোড়ক উন্মোচন করা হয়েছে। শুক্রবার বিকেলে শহরের ঐতিহ্যবাহী বিপ্লবী কমিউনিস্ট লীগের কার্যালয়ে এই সাহিত্য উৎসব ও প্রকাশনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। দেশের বিশিষ্ট সাহিত্যিক, কবি ও সাংস্কৃতিক ব্যক্তিত্বদের উপস্থিতিতে অনুষ্ঠানটি একখণ্ড মিলনমেলায় পরিণত হয়।
অনুষ্ঠানে প্রধান উদ্বোধক হিসেবে উপস্থিত থেকে কাব্যগ্রন্থটির মোড়ক উন্মোচন করেন বিশিষ্ট লেখক ও চিত্রশিল্পী মফিজুর রহমান রুন্নু। কবি মাশুক শাহীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন প্রবীণ আইনজীবী ও সাহিত্য অনুরাগী অ্যাডভোকেট মাহমুদ হাসান বুলু এবং বিশিষ্ট প্রাবন্ধিক তসলিম-উর-রহমান।
মোড়ক উন্মোচন শেষে গ্রন্থটির ওপর এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনায় বক্তারা সাহিত্য, সমাজ ও মানুষের জীবনবোধের নানা দিক তুলে ধরেন। উদ্বোধকের বক্তব্যে লেখক ও চিত্রশিল্পী মফিজুর রহমান রুন্নু বলেন, সাহিত্য হলো জীবনের প্রতিচ্ছবি। একজন প্রকৃত কবি সমাজ ও সময়ের সংকটকে নিজের ভেতরে ধারণ করে শব্দের ক্যানভাসে ফুটিয়ে তোলেন। আহাদ আলী মুন্নার ‘কালবেলা চিঠি’ কাব্যগ্রন্থে সেই জীবনবোধ ও সময়ের চিত্র অত্যন্ত নিপুণভাবে উঠে এসেছে।
প্রধান আলোচক অ্যাডভোকেট মাহমুদ হাসান বুলু তাঁর বক্তব্যে বলেন, কবিতা শুধু শব্দের কারুকাজ নয়, এটি মানুষের অন্তরের গভীর অনুভূতি প্রকাশের মাধ্যম। ‘কালবেলা চিঠি’ গ্রন্থটির প্রতিটি কবিতা পাঠককে নতুন করে ভাবতে শেখাবে। সমসাময়িক জীবন ও চারপাশের বাস্তবতাকে কবি তাঁর নিজস্ব শৈলীতে তুলে ধরেছেন, যা প্রশংসার দাবিদার।
বিশেষ আলোচক তসলিম-উর-রহমান বলেন, সাহিত্য মানুষকে পরিশীলিত করে। যান্ত্রিক এই যুগে কবিতা আমাদের ভেতরের মানবিক সত্ত্বাকে বাঁচিয়ে রাখে। আহাদ আলী মুন্নার এই সৃষ্টি বাংলা কবিতার ভাণ্ডারকে আরও সমৃদ্ধ করবে।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল গ্রন্থটি থেকে কবিতা আবৃত্তি। কবি আহাদ আলী মুন্নার ‘কালবেলা চিঠি’ গ্রন্থ থেকে কয়েকটি কবিতা চমৎকার আবৃত্তি শৈলীতে পাঠ করে শোনান বিশিষ্ট আবৃত্তিশিল্পী কাজী শাহেদ নেওয়াজ। তাঁর আবেগঘন কণ্ঠ ও আবৃত্তি উপস্থিত শ্রোতাদের মুগ্ধ করে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মনোয়ারা সিদ্দিকী ছবি এবং আলী আজম টিটো। এছাড়া অনুষ্ঠানে কবির পরিবারের সদস্যবৃন্দ, স্থানীয় কবি, সাহিত্যিক, সাংবাদিক ও সুধীজন উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে কবি মাশুক শাহী বলেন, যশোরের উর্বর সাহিত্য সংস্কৃতির ধারায় ‘কালবেলা চিঠি’ একটি চমৎকার সংযোজন। কবি আহাদ আলী মুন্নার এই পথচলা অব্যাহত থাকুক।
সমগ্র অনুষ্ঠানটি অত্যন্ত উৎসবমুখর পরিবেশে শেষ হয় এবং উপস্থিত অতিথিরা কবির উজ্জ্বল ভবিষ্যৎ ও কাব্যগ্রন্থটির বহুল প্রচার কামনা করেন।
আপনার মতামত লিখুন :