শার্শায় অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্য প্রচার রোধে মতবিনিময় সভা
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৫:১১
বেনাপোল (যশোর) প্রতিনিধি:
সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার, বিভ্রান্তিকর ও উসকানিমূলক তথ্য ছড়িয়ে সামাজিক অস্থিতিশীলতা সৃষ্টি রোধে যশোরের শার্শায় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) বেলা ১১টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা অডিটোরিয়ামে এ সভার আয়োজন করা হয়।
শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফজলে ওয়াহিদের সভাপতিত্বে সভায় সরকারি কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক-শিক্ষার্থী, গণমাধ্যমকর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।
সভায় বক্তারা বলেন, প্রযুক্তির অপব্যবহার করে একটি কুচক্রী মহল সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন পোর্টালে অসত্য তথ্য ছড়িয়ে সামাজিক শান্তি-শৃঙ্খলা বিনষ্ট এবং সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা চালাচ্ছে। যেকোনো তথ্য যাচাই-বাছাই না করে ফেসবুকসহ অন্যান্য মাধ্যমে শেয়ার বা মন্তব্য করা থেকে সবাইকে বিরত থাকার আহ্বান জানান তারা। বিশেষ করে তরুণ ও শিক্ষার্থীদের ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহারে দায়িত্বশীল হওয়ার পরামর্শ দেওয়া হয়।
উপজেলা একাডেমিক সুপারভাইজার নুরুজ্জামানের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির, প্রধান উপদেষ্টা খায়রুজ্জামান মধু, উপজেলা জামায়াতের নায়েবে আমির তৈয়েবুর রহমান জাহাঙ্গীর, শার্শা থানার ওসি (তদন্ত) শাহ আলম, বেনাপোল পোর্ট থানার ওসি (তদন্ত) আব্দুল হাই, শার্শা পল্লী বিদ্যুতের ডিজিএম দেবাশীষ কুমার ভট্টাচার্য এবং উপজেলা প্রেসক্লাবের সভাপতি আহম্মদ আলী শাহিনসহ স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ।
আপনার মতামত লিখুন :