চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে হত্যার হুমকি, আদালতে মামলা
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ০৪ অগাস্ট ২০২৬, ১৫:০৯
নিজস্ব প্রতিবেদক
যশোরের চৌগাছা বাজারে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকির অভিযোগে ৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরো ৩/৪ জনের বিরুদ্ধে আদালতে সিআর মামলা দায়ের করা হয়েছে। ভুক্তভোগী ব্যবসায়ী ও চৌগাছা নিরিবিলি পাড়ার আতিকুর রহমান লেন্টু বাদী হয়ে 'বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী চৌগাছা আদালত, যশোরে' মামলাটি দায়ের করেন (মামলা নং- ১৪২৫৩৯/২০২৬)। ১৪৩/৪৪৮/৩৮৫/৩৮৬/৩৮৭/৫০৬ ধারায় মামলাটি হয়েছে।
মামলায় অভিযুক্ত আসামীরা হলেন— চৌগাছার নিড়িবিলিপাড়া এলাকার ইসমাইল হোসেনের ছেলে তরিকুল ইসলাম, মনিরুল ইসলাম, মৃত মনির উদ্দিনের ছেলে ইসহাক আলী ও সোহাগ এবং ইসহাক আলীর ছেলে নাঈমুজ্জামান সুমন ও আবদুর সবুরে ছেলে শফিকুল ইসলামসহ অজ্ঞাতনামা আরো ৩/৪ জন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২ আগস্ট (রোববার) বেলা ১২টার দিকে চৌগাছা বাজারস্থ 'চৌগাছা টু কোটচাঁদপুর' রোডের মেহেদী হাসান শয়নের মালিকাধীন ‘শয়ন ট্রেডার্স’ নামক ব্যবসাপ্রতিষ্ঠানে এ ঘটনা ঘটে। আসামীরা দীর্ঘদিন ধরে বাদীর নিকট অন্যায়ভাবে মোটা অংকের চাঁদা দাবি করে আসছিল। ঘটনার দিন আসামীরা দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে ব্যবসাপ্রতিষ্ঠানে বেআইনিভাবে প্রবেশ করে বাদীর কাছে চাঁদা দাবি করে। বাদীর ছেলে মেহেদী হাসান শয়নসহ স্থানীয়রা বাধা দিতে গেলে আসামীরা অস্ত্রের মুখে সকলকে জিম্মি করে ফেলে এবং চরম আতঙ্ক সৃষ্টি করে। আসামীরা ব্যাপক ভাঙচুর চালায়। এবং টাকা লুট করে।
চলে যাওয়ার সময় আসামীরা প্রকাশ্যে হুমকি দেয় যে, এ বিষয়ে আইনগত পদক্ষেপ নিলে বাদী ও তার ছেলেকে হত্যা করে লাশ গুম করা হবে এবং ব্যবসা প্রতিষ্ঠান দখল করে নেওয়া হবে। এ ঘটনায় স্থানীয়ভাবে আপস-মীমাংসার চেষ্টা ব্যর্থ হওয়া এবং থানায় মামলা গ্রহণে আইনি জটিলতা থাকায় আদালতে মামলা দায়ের করা হয়।
বাদী পক্ষের আইনজীবী এ্যাডভোকেট মুস্তাকিম মোস্তফা খান জানান, বিজ্ঞ আদালত মামলাটি গ্রহণ করেছেন। বাদীর নিরাপত্তা নিশ্চিতে ও আসামীদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা (W/A) জারির আবেদন জানানো হয়েছে।
চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশীদ বলেন, মামলার কপি হাতে পেলে আমরা ব্যবস্থা গ্রহন করবো।
আপনার মতামত লিখুন :