• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

টাইগারদের হার: কিউইদের ২৪৭ রানের জবাবে থেমে গেল ২২১-এ


FavIcon
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ১৭ এপ্রিল ২০২৬, ১৬:১২
ছবির ক্যাপশন: ad728

ক্রীড়া প্রতিবেদক 
সাইফ হাসান, লিটন দাস এবং শেষ দিকে তাওহীদ হৃদয়ের লড়াকু ব্যাটিং সত্ত্বেও নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে হার দিয়ে শুরু করল বাংলাদেশ। জয়ের সুবর্ণ সুযোগ হাতছাড়া করে স্বাগতিকরা হেরেছে ২৬ রানের ব্যবধানে। কিউই পেসার ব্লেয়ার টিকনারের বিধ্বংসী বোলিংয়ে শেষ দিকে তাসের ঘরের মতো ভেঙে পড়ে বাংলাদেশের ব্যাটিং লাইনআপ।

মিরপুরে টসে হেরে আগে ব্যাটিং করতে নেমে হেনরি নিকলস ও ডিন ফক্সক্রফটের জোড়া ফিফটিতে ৮ উইকেটে ২৪৭ রান সংগ্রহ করে নিউজিল্যান্ড। ২৪৮ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে শুরুতেই বিপদে পড়ে বাংলাদেশ। দলীয় ২১ রানের মধ্যে সাজঘরে ফেরেন ওপেনার তানজিদ হাসান তামিম ও নাজমুল হোসেন শান্ত।

শুরুতে ধাক্কা সামলে দলকে টেনে তোলেন সাইফ হাসান ও লিটন দাস। এই দুই ব্যাটারের ৯৩ রানের দায়িত্বশীল জুটি জয়ের ভিত গড়ে দেয়। সাইফ তার ফিফটি পূর্ণ করলেও অর্ধশতকের কাছাকাছি গিয়ে আউট হন লিটন। এরপর তাওহীদ হৃদয় ও আফিফ হোসেনের ৫২ রানের জুটিতে জয়ের পথে ছুটছিল বাংলাদেশ।

ম্যাচ যখন বাংলাদেশের হাতের মুঠোয়, ঠিক তখনই দৃশ্যপটে আসেন কিউই পেসার ব্লেয়ার টিকনার। ৪১তম ওভারে আফিফ হোসেনকে (২৭) ফিরিয়ে ধসের সূচনা করেন তিনি। জয়ের জন্য শেষ ৫৭ বলে ৬৪ রান প্রয়োজন ছিল, হাতে ছিল ৫ উইকেট। কিন্তু অধিনায়ক মেহেদী হাসান মিরাজ (৪), রিশাদ হোসেন (৪) ও শরিফুল ইসলাম দ্রুত বিদায় নিলে চাপে পড়ে দল। শেষ দিকে মাত্র ৩৭ রান যোগ করতেই শেষ ৬ উইকেট হারায় টাইগাররা।

এক প্রান্ত আগলে রাখা তাওহীদ হৃদয় দলের শেষ ভরসা হিসেবে টিকে ছিলেন। ৪৯তম ওভারের প্রথম বলে ছক্কা মেরে ৫৮ বলে নিজের ফিফটি পূর্ণ করেন তিনি। তবে দলকে জয়ের বন্দরে পৌঁছানোর আগেই ৫৫ রানে নিকলসের হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। ৬০ বলের এই লড়াকু ইনিংসে ছিল ২টি চার ও ২টি ছক্কার মার।

নিউজিল্যান্ডের হয়ে ব্লেয়ার টিকনার ১০ ওভারে ৪০ রান খরচায় ৪টি উইকেট শিকার করে ম্যাচ সেরা পারফরম্যান্স দেখান। তাকে যোগ্য সঙ্গ দেওয়া স্মিথ তুলে নেন ৩টি উইকেট। বাংলাদেশের ইনিংস শেষ পর্যন্ত ২২১ রানে থেমে যায়।

সংক্ষিপ্ত স্কোর: * নিউজিল্যান্ড: ২৪৭/৮ (৫০ ওভার)
  • বাংলাদেশ: ২২১/১০ (৪৮.৩ ওভার)
  • ফল: নিউজিল্যান্ড ২৬ রানে জয়ী।