• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

"রাজনৈতিক বিবেচনা নয়, ফ্যামিলি কার্ডে অগ্রাধিকার পাবেন প্রকৃত দরিদ্ররা"


FavIcon
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ১০:১৯
ছবির ক্যাপশন: ad728

স্বপ্নভূমি ডেস্ক :

দেশের প্রকৃত অভাবী ও হতদরিদ্র মানুষের সহায়তায় সরকার বিশেষ 'ফ্যামিলি কার্ড' চালুর উদ্যোগ নিয়েছে। এই কার্ড বিতরণে কোনো রাজনৈতিক বিবেচনা বা মধ্যস্বত্বভোগীদের প্রভাব থাকবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেন।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ আন্তঃমন্ত্রণালয় সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে মন্ত্রী এই তথ্য জানান।

মন্ত্রী জাহিদ হোসেন বলেন, "ফ্যামিলি কার্ড দেওয়ার ক্ষেত্রে আমরা সম্পূর্ণ স্বচ্ছতা বজায় রাখব। এখানে কোনো রাজনৈতিক বিবেচনার স্থান নেই। এমনকি বিতরণ প্রক্রিয়ায় যাতে কোনো মধ্যস্বত্বভোগী সুবিধা নিতে না পারে, সেটিও নিশ্চিত করা হবে।" তিনি আরও স্পষ্ট করেন যে, নতুন এই কার্ড চালু হলেও সাধারণ মানুষের চলমান অন্যান্য সরকারি ভাতাগুলো আগের মতোই অব্যাহত থাকবে।

সভা শেষে কৃষি, খাদ্য এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশীদ জানান, সরকার যত দ্রুত সম্ভব এই কার্যক্রম শুরু করতে চায়। তিনি বলেন, "আগামী পবিত্র ঈদুল ফিতরের আগেই পাইলট ভিত্তিতে (পরীক্ষামূলক) এই কার্ড বিতরণ শুরু করা যায় কি না, তা নিয়ে কাজ চলছে। কার্ডের সংখ্যা এবং বিতরণের প্রক্রিয়া আগামী দুই-এক দিনের মধ্যে চূড়ান্ত করা হবে।"

ফ্যামিলি কার্ডের সুবিধার বিষয়ে জহির উদ্দিন স্বপন জানান, প্রাথমিকভাবে দেশের হতদরিদ্র পরিবারগুলোকে এই তালিকার আওতায় আনা হবে। তিনি বলেন, "আমরা চেষ্টা করছি এই কার্ডের মাধ্যমে সরাসরি নগদ টাকা পৌঁছে দিতে, যা বিশেষ করে পরিবারের মহিলাদের হাতে দেওয়া হবে।"

তিনি আরও উল্লেখ করেন যে, সুনির্দিষ্ট জেলা বা উপজেলার সংখ্যা এখনো চূড়ান্ত না হলেও পূর্বের একটি জরিপ (সার্ভে) রিপোর্টের ভিত্তিতে নির্দিষ্ট কিছু এলাকাকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। দ্রুতই পূর্ণাঙ্গ তালিকা ও বিতরণ নীতিমালা প্রকাশ করা হবে বলে সভায় জানানো হয়।