ফেসবুক বুস্টিং ও ডিজিটাল প্রচারণার হিসাব দিতে হবে ইসিকে
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০১:১৫
নিজস্ব প্রতিবেদক :
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার-প্রচারণার ক্ষেত্রে কড়াকড়ি আরোপ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এখন থেকে প্রার্থী বা রাজনৈতিক দলগুলোকে তাদের ফেসবুক বুস্টিং, বিজ্ঞাপন ও ডিজিটাল প্রচারণার যাবতীয় তথ্য এবং ব্যয়ের হিসাব রিটার্নিং অফিসারের কাছে জমা দিতে হবে।
বুধবার (৫ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশন সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) মো. রুহুল আমিন মল্লিক গণমাধ্যমকে এই সিদ্ধান্তের কথা নিশ্চিত করেছেন। এ সংক্রান্ত একটি নির্দেশনা ইতিমধ্যে সকল রিটার্নিং অফিসারের কাছে পাঠানো হয়েছে।
ইসি জানায়, ‘রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫’ এর ১৬ নম্বর বিধি অনুযায়ী, কোনো প্রার্থী বা তার এজেন্ট সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে প্রচারণা চালাতে পারবেন। তবে শর্ত হলো—প্রচারণা শুরুর আগেই সংশ্লিষ্ট সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের নাম, আইডি এবং ই-মেইল ঠিকানাসহ শনাক্তকরণ যাবতীয় তথ্য রিটার্নিং অফিসারের কাছে দাখিল করতে হবে।
আচরণ বিধিমালার ২২ (২) বিধি অনুযায়ী, সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো কনটেন্ট তৈরি, বিজ্ঞাপন প্রদান, বুস্টিং বা স্পন্সরশিপের পেছনে যে অর্থ ব্যয় হবে, তা প্রার্থীর সামগ্রিক নির্বাচনী ব্যয়ের অন্তর্ভুক্ত করতে হবে। এই ব্যয়ের হিসাব স্বচ্ছতার সঙ্গে নির্বাচন কমিশনে জমা দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে।
রিটার্নিং অফিসারদের পাঠানো চিঠিতে বলা হয়েছে, প্রার্থীরা কোন কোন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করছেন, সেই তথ্য দ্রুত ইসি সচিবালয়ের জনসংযোগ শাখায় পাঠাতে হবে। ডিজিটাল প্ল্যাটফর্মে নির্বাচনী আচরণবিধি যাতে লঙ্ঘিত না হয়, সে বিষয়ে কঠোর নজরদারি নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে।
আপনার মতামত লিখুন :