• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

এক বছরের মধ্যে দেশে সব স্থানীয় সরকার নির্বাচন


FavIcon
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ১৬ জুন ২০২৬, ১১:১৫
ছবির ক্যাপশন: ad728

স্বপ্নভূমি ডেস্ক :
চলতি বছরের বর্ষা মৌসুমের পর, আগামী সেপ্টেম্বর বা অক্টোবর মাস থেকে পর্যায়ক্রমে দেশজুড়ে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে। এই প্রক্রিয়ায় সর্বপ্রথম ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন অনুষ্ঠানের পরিকল্পনা রয়েছে সরকারের।

মঙ্গলবার (১৬ জুন) জাতীয় সংসদে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশ্নোত্তর পর্বে জামালপুর-৩ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুলের প্রশ্নের জবাবে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই তথ্য জানান।

প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত জবাবে মন্ত্রী বলেন, বর্ষা মৌসুম শেষেই সেপ্টেম্বর বা অক্টোবর থেকে পর্যায়ক্রমে দেশজুড়ে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে। বাজেটের প্রাপ্যতার ওপর ভিত্তি করে আগামী এক বছরের মধ্যে ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলা, জেলা পরিষদ এবং নবগঠিত বগুড়া সিটি করপোরেশনসহ দেশের ১৩টি সিটি করপোরেশনের নির্বাচন সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে। এক্ষেত্রে প্রথমে ইউনিয়ন পরিষদ এবং পরবর্তীতে ধাপে ধাপে অন্যান্য স্থানীয় সরকার সংস্থার নির্বাচন হবে।

সরকার দলীয় সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সারের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, দেশের সব উপজেলায় সংসদ সদস্যসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের জন্য উপজেলা পরিষদের অভ্যন্তরে একটি পরিদর্শন কক্ষ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে স্থানীয় সরকার বিভাগ থেকে ইতোমধ্যে প্রতিটি উপজেলা পরিষদের অনুকূলে ৬ লাখ টাকা করে বরাদ্দ প্রদান করা হয়েছে।

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনির প্রশ্নের জবাবে সমবায়মন্ত্রী জানান, বর্তমানে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনে দৈনিক পানির চাহিদা ৩২০ থেকে ৩২৫ কোটি লিটার। এর বিপরীতে ঢাকা ওয়াসার বর্তমান দৈনিক উৎপাদন সক্ষমতা ২৯৫ থেকে ৩০০ কোটি লিটার। তিনি আশ্বস্ত করেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) গাইডলাইন অনুসরণ করে অত্যাধুনিক কেমিক্যালের মাধ্যমে পানি শোধন করা হয় এবং প্রতিদিন ৪০-৫০টি নমুনা পরীক্ষা করে গুণগত মান নিশ্চিতের পরই তা সরবরাহ করা হয়।

সংসদ সদস্য সেলিমা রহমানের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, ঢাকা উত্তর সিটি করপোরেশনে বাসাবাড়ি থেকে বর্জ্য সংগ্রহকারী বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে নিয়মের মধ্যে আনতে চুক্তির আওতায় নেওয়ার কাজ চলছে। চুক্তি প্রক্রিয়া সম্পন্ন হলে পরবর্তীতে ছোট ছোট কাভার্ড ভ্যানে পরিবেশসম্মত উপায়ে ময়লা অপসারণের বিষয়টি বিবেচনা করা হবে।

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নিপুণ রায় চৌধুরীর প্রশ্নের জবাবে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটি বড় প্রযুক্তিক পরিবর্তনের কথা জানান। তিনি বলেন, জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম সহজ করতে এবং জনভোগান্তি দূর করতে ‘সফটওয়্যার ভার্শন-২’ তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন এই সিস্টেমে অনলাইন পেমেন্টের ব্যবস্থা থাকার পাশাপাশি 'ব্লকচেইন' প্রযুক্তি ব্যবহার করা হবে। এর ফলে কোনো তথ্য পরিবর্তন করা হলে তার লগ জানা যাবে এবং কোন স্তরে পরিবর্তন হলো তা সহজেই উদঘাটন করা সম্ভব হবে। এছাড়া সেবার মান বাড়াতে সারাদেশে সংশ্লিষ্টদের নিয়মিত প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।