চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীর বাড়িতে গুলি
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ১১ জুন ২০২৬, ১৯:১৮
অভয়নগর (যশোর) প্রতিনিধি
যশোরের অভয়নগরে ব্যবসায়ীর বাড়ি লক্ষ্য করে চার রাউন্ড গুলি করেছে অস্ত্রধারী সন্ত্রাসীরা। চাঁদা না পেয়ে এমন হামলা করা হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী ব্যবসায়ী ও তার পরিবার। বুধবার (১০ জুন) রাত ৯টার দিকে উপজেলার সিদ্ধিপাশা ইউনিয়নের চন্দ্রপুর গ্রামে ব্যবসায়ী জামির হোসেনের বাড়িতে এ হামলার ঘটনা ঘটে।
খবর পেয়ে রাতে ঘটনাস্থল পরিদর্শন করেছে অভয়নগর থানা পুলিশ। ব্যবসায়ী জামির হোসেন (৫৫) একই গ্রামের মৃত কুটি মিয়ার ছেলে।
ভুক্তভোগী ব্যবসায়ীর পরিবারের সদস্য ও পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, মঙ্গলবার রাতে অজ্ঞাতনামা ব্যক্তিরা মোবাইল ফোনে জামির হোসেনের কাছে মোটা অংকের চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে বুধবার রাত ৯টার দিকে কয়েকজন অস্ত্রধারী সন্ত্রাসী জামির হোসেনের বাড়ি লক্ষ্য করে আগ্নেয়াস্ত্র দিয়ে দুই রাউন্ড গুলি করে। পরে তারা বাড়ির ভেতরে প্রবেশ করে আরো দুই রাউন্ড ফাঁকা গুলি করে চলে যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে দেশীয় পিস্তলে ব্যবহৃত দুই রাউন্ড গুলির খোসা উদ্ধার করে।
এ বিষয়ে ভুক্তভোগী ব্যবসায়ী জামির হোসেন কোনো প্রকার কথা বলতে রাজি হননি। তবে নাম প্রকাশে অনিচ্ছুক পরিবারের অপর এক সদস্য জানান, দাবিকৃত চাঁদার টাকা না দেওয়ায় ভয়ভীতি প্রদর্শনের জন্য চাঁদাবাজ সন্ত্রাসীরা এমন ঘটনা ঘটিয়েছে।
বৃহস্পতিবার (১১ জুন) বিকালে অভয়নগর থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুজ্জামান বলেন, ‘প্রাথমিক তদন্তে উদ্ধারকৃত দুই রাউন্ড গুলির খোসা দেশীয় পিস্তলের বলে মনে হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’
আপনার মতামত লিখুন :