নিজেস্ব প্রতিনিধি:
সাড়ম্বরে প্রকাশিত হয়েছে দেশের অন্যতম শীর্ষস্থানীয় সাংস্কৃতিক প্রতিষ্ঠান 'সংস্কৃতিক পরিষদ বাংলাদেশ'-এর বার্ষিক পরীক্ষার ফলাফল। শনিবার সকালে যশোরের সুরবিতান সংগীত একাডেমির কার্যালয়ে এই ফলাফল ঘোষণা করা হয়। এবারের পরীক্ষায় শিক্ষার্থীদের মেধার অনন্য প্রতিফলন ঘটেছে, যেখানে পাসের হার প্রায় শতভাগের কাছাকাছি।
সংগঠন সূত্রে জানা গেছে, এ বছর পরিষদের আওতাধীন মোট ৭৬টি স্কুলের শিক্ষার্থীরা বার্ষিক পরীক্ষায় অংশ নেয়। মোট ৬ হাজার ৩০৬ জন পরীক্ষার্থীর মধ্যে চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েছে ৫ হাজার ৭৮৬ জন। দুর্ভাগ্যবশত অকৃতকার্য হয়েছে ২১ জন এবং বিভিন্ন কারণে অনুপস্থিত ছিল ৪৯৯ জন পরীক্ষার্থী।
উত্তীর্ণ পরীক্ষার্থীদের মধ্যে মেধার স্বাক্ষর রেখে সর্বোচ্চ জিপিএ 'এ প্লাস' পেয়েছে ৪,০৭২ জন। এছাড়া 'এ' গ্রেড পেয়েছে ৫২১ জন এবং 'এ মাইনাস' গ্রেড পেয়েছে ৪৩৫ জন শিক্ষার্থী।
ফলাফল প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সংগঠনের উপদেষ্টা দীপংকর দাস রতন ও হারুন অর রশিদ। আরও উপস্থিত ছিলেন, সংস্কৃতিক পরিষদ বাংলাদেশের সভাপতি অর্দ্ধেন্দু প্রসাদ বন্দ্যোপাধ্যায়, সহ-সভাপতি সন্দীপ চক্রবর্তী, সম্পাদক পান্না লাল দে এবং কোষাধ্যক্ষ দীপংকর বিশ্বাসসহ সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
ফলাফল প্রকাশকালে সংগঠনের নেতারা সন্তোষ প্রকাশ করে বলেন, আমরা প্রতিটি শিক্ষার্থীর মেধাকে সমানভাবে মূল্যায়ন করেছি। পরীক্ষকদের নির্দেশনা দেওয়া হয়েছিল যেন যথাসম্ভব মানবিক দৃষ্টিকোণ থেকে খাতা মূল্যায়ন করা হয়। আমাদের ছেলে-মেয়েরা পড়াশোনা ও সংস্কৃতিতে দারুণ ভালো করছে। আমরা দৃঢ়ভাবে আশাবাদী যে, আগামীতে তারা আরও চমৎকার ফলাফল উপহার দেবে।
নেতৃবৃন্দ উত্তীর্ণ সকল শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের আন্তরিক অভিনন্দন জানান এবং শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।#
আপনার মতামত লিখুন :