যশোরে ভয়াবহ ত্রিমুখী সংঘর্ষ: নিহত ৩,গুরুতর আহত ২
সাইফুল্লাহ খালিদ
নিউজ প্রকাশের তারিখ : ২৩ মে ২০২৬, ১১:২৬
নিজেস্ব প্রতিনিধি:
যশোর-খুলনা মহাসড়কে ভয়াবহ ত্রিমুখী সংঘর্ষে তিনজন নিহত এবং আরও দুইজন গুরুতর আহত হয়েছেন। শনিবার (২৩ মে) বেলা আনুমানিক সাড়ে ১১টার দিকে কোতোয়ালি মডেল থানাধীন চাউলিয়া তেলপাম্পের সামনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর মহাসড়কে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়।
নিহতরা হলেন— যশোর সদর উপজেলার ঘুনি পূর্বপাড়া এলাকার ইজিবাইক চালক মোহাম্মদ আইয়ুব আলী (৪৩), তিনি মৃত হাসান আলী মোল্লার ছেলে। ঘোড়াগাছা সাহাপাড়া এলাকার বৃষ্টি সাহা (২৪), তিনি সুজন সাহার স্ত্রী। এবং চাউলিয়া গ্রামের আনোর আলী (৭০), তিনি মৃত কালু শেখের ছেলে।
আহত হয়েছেন ঘোড়াগাছা সাহাপাড়া এলাকার শিশু সৌভিক সাহা (৪) এবং মনিরামপুর উপজেলার মোহনপুর গ্রামের সাজ্জাদ হোসেন (২৮)। আহতদের যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, খুলনা থেকে যশোরগামী একটি কাভার্ড ভ্যান (ঢাকা মেট্রো-ট ১৮-০৩২৩) দ্রুতগতিতে যশোর-খুলনা মহাসড়কের চাউলিয়া তেলপাম্প এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের তীব্রতায় ঘটনাস্থলেই ইজিবাইক চালক আইয়ুব আলী ও বৃষ্টি সাহার মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় আনোর আলীকে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত উদ্ধারকাজ শুরু করেন। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। দুর্ঘটনাকবলিত যানবাহনগুলো রাস্তা থেকে সরিয়ে নেওয়ার পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
স্থানীয়দের অভিযোগ, যশোর-খুলনা মহাসড়কে প্রায়ই বেপরোয়া গতিতে যানবাহন চলাচল করে। বিশেষ করে ভারী যানবাহনের অসতর্ক চালনা এবং অতিরিক্ত গতি দুর্ঘটনার অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে। তারা মহাসড়কে কঠোর নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানান।
কোতোয়ালি মডেল থানার পুলিশ জানিয়েছে, দুর্ঘটনা কবলিত কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
আপনার মতামত লিখুন :