বেনাপোল সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, ২১ লাখ ৭৪ হাজার টাকার চোরাচালানি পণ্য আটক
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ০৭ নভেম্বর ২০২৬, ০৬:৫৭
নিজস্ব প্রতিবেদক :
যশোর সীমান্তে অভিযান চালিয়ে প্রায় ২১ লাখ ৭৫ হাজার টাকার চোরাচালানি মালামাল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৪৯ বিজিবি)। গত ০৬ নভেম্বর ২০২৬ তারিখে পরিচালিত এই অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, কম্বল, কসমেটিকস, চকলেট এবং মোবাইলের ডিসপ্লে জব্দ করা হয়।
৪৯ বিজিবির পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, অদ্য ০৬ নভেম্বর ২০২৬ তারিখে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর অধীনস্থ বেনাপোল আইসিপি’র একটি বিশেষ টহলদল সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় তল্লাশি চালিয়ে ভারতীয় ৭৮টি শাড়ি, ৩৮টি কম্বল, ৮টি চাদর, ১টি থ্রিপিস, ৪.৫ কেজি জিরা, ২৭ প্যাকেট ফুসকা, ১৩.৫ কেজি কিসমিস, ২ কেজি কাজু বাদাম, ১১৩৯টি চকলেট, ২১টি খাদ্যসামগ্রী, ১৩৩৬টি বিভিন্ন ধরনের কসমেটিকস সামগ্রী এবং ১২০টি মোবাইলের ডিসপ্লে আটক করা হয়। জব্দকৃত এসব চোরাচালানি মালামালের আনুমানিক বাজারমূল্য ২১ লাখ ৭৪ হাজার ৩৫০ টাকা।
এ বিষয়ে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, দীর্ঘদিন ধরে মাদকদ্রব্য ও চোরাচালানি মালামালসহ পাচার চক্র দমনে সীমান্ত এলাকায় বিজিবির বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিত অভিযান চালিয়ে মাদক ও বিভিন্ন চোরাচালানি পণ্য জব্দ করা হচ্ছে।
সীমান্তের নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের কঠোর আভিযানিক কার্যক্রম সর্বদা অব্যাহত থাকবে বলেও জানান এই কর্মকর্তা।
আপনার মতামত লিখুন :