• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

যশোরে মন্দিরে মন্দিরে পূজার শুভেচ্ছা জানালেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী


FavIcon
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ২০ অক্টোবর ২০২৬, ০৬:২০
ছবির ক্যাপশন:

নিজস্ব প্রতিবেদক :
কুষ্টিয়া ও ঝিনাইদহ জেলায় সরকারি সফর শেষে যশোরে ফিরে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সাথে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা বিনিময় করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

সোমবার রাতে যশোরে পৌঁছেই তিনি প্রথম শহরের রামকৃষ্ণ আশ্রম ও রামকৃষ্ণ মিশনে যান এবং পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ ও ভক্তদের সঙ্গে কুশল বিনিময় করেন।

রামকৃষ্ণ আশ্রমে উপস্থিত সুধীজন ও সনাতনী ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, "তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান সরকারের মূল লক্ষ্য হলো রাষ্ট্রের প্রতিটি নাগরিক যেন নিজ নিজ ধর্মবিশ্বাস অনুযায়ী স্বাধীনভাবে, উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ধর্ম পালন ও ধর্মীয় উৎসব উদযাপন করতে পারে। এই নীতি নিশ্চিত করতেই পূজার শুরু থেকেই জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন এবং বিএনপির নেতাকর্মীরা সনাতনী ভাই-বোনদের পাশে থেকে কাজ করছেন।"

তিনি আরও বলেন, "সবাই মিলেমিশে যেভাবে উৎসব ও আনন্দঘন পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদযাপন করছি, ঠিক একইভাবে সকলে মিলে দেশ গঠন করব। চব্বিশের গণঅভ্যুত্থান এবং গত ১২ ফেব্রুয়ারির নির্বাচন আমাদের সেই শিক্ষাই দিয়েছে—যেখানে সব ধর্মের মানুষ তাদের মেধা ও যোগ্যতা দিয়ে দেশ গঠনে আত্মনিয়োগ করবে। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্র গঠনে সবার অংশগ্রহণের সুযোগ অবারিত করে দিয়েছেন।"

রামকৃষ্ণ আশ্রম পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী শহরের ঐতিহ্যবাহী বেজপাড়া সার্বজনীন পূজা মন্দিরে যান এবং সেখানকার খোঁজখবর নেন।

প্রতিমন্ত্রীর মণ্ডপ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন:
  • যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান
  • পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম
  • জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু
  • সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন
  • সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলাম
  • সাবেক সহসভাপতি গোলাম রেজা দুলু
  • সাবেক প্রচার সম্পাদক অ্যাডভোকেট হাজী আনিসুর রহমান মুকুল
  • রামকৃষ্ণ আশ্রম ও রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ স্বামী জ্ঞানপ্রকাশানন্দ মহারাজসহ স্থানীয় রাজনৈতিক ও সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ।