• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

যশোরে যুবদল নেতা রুবেল হত্যা: অস্ত্রসহ ৩ আসামি গ্রেপ্তার


FavIcon
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৬
ছবির ক্যাপশন: ad728

স্টাফ রিপোর্টার :
যশোরের বাঘারপাড়া উপজেলার বন্দবিলা ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক রুবেল হাসান (৩৯) হত্যা মামলার এজাহারনামীয় তিন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। অভিযানকালে হত্যাকাণ্ডে ব্যবহৃত দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

​গ্রেপ্তারকৃতরা হলেন—যশোরের বাঘারপাড়া থানার তেলীধানাপুর গ্রামের মোঃ আব্দুর রউফ মোল্ল্যার দুই ছেলে মোঃ রাকি হোসেন (২০) ও মোঃ মারুফ হোসেন (২৩) এবং কোতয়ালী মডেল থানার মুনসেফপুর গ্রামের আমিনুর বিশ্বাসের ছেলে মোঃ আসিফ হোসেন (২০)।

​পুলিশ সূত্রে জানা যায়, গত ১৩ জুলাই বাঘারপাড়া থানাধীন খাজুরা তেল পাম্পের পাশে মহাসড়কের ওপর যুবদল নেতা রুবেল হাসান নির্মম হত্যাকাণ্ডের শিকার হন। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে খাজুরা ক্যাম্প পুলিশ ও ডিবি যশোরের একাধিক দল অভিযান চালিয়ে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে গত বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বাঘারপাড়া খাজুরা ক্যাম্পের ইনচার্জ এসআই (নিঃ) মোঃ ফিরোজ হোসেন এবং ডিবি যশোরের এসআই (নিঃ) মোঃ সালাউদ্দিন খানের নেতৃত্বে যৌথ টিম অভিযান চালিয়ে এজাহারনামীয় ১ নং আসামি মোঃ রাকি হোসেন ও ৪ নং আসামি মোঃ আসিফ হোসেনকে গ্রেপ্তার করে। পরবর্তীতে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে এজাহারনামীয় ২ নং আসামি মোঃ মারুফ হোসেনকেও আটক করা হয়।

​গ্রেপ্তার আসামিদের স্বীকারোক্তি ও দেয়া তথ্যমতে, হত্যাকাণ্ডে ব্যবহৃত ১টি চাইনিজ কুড়াল, ১টি বার্মিজ চাকু এবং ১টি ছোট আকৃতির চাপাতি উদ্ধার করা হয়েছে। পুলিশ আরো জানায়, ঘটনার বিস্তারিত বিবরণ দিয়ে আসামি মোঃ আসিফ হোসেন বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছেন।

​বিষয়টি নিশ্চিত করে যশোর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মোঃ মিরাজুল ইসলাম (পিপিএম-সেবা) জানান, আসামিদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে এবং এ ঘটনায় জড়িত অন্য বিষয়াগুলোর ওপরও নজর রাখা হচ্ছে।