লেবেলহীন ও মূল্যতালিকাবিহীন বীজ বিক্রি: যশোরে ৫ হাজার টাকা জরিমানা
সাইফুল্লাহ খালিদ
নিউজ প্রকাশের তারিখ : ০৭ জুলাই ২০২৬, ০৮:৪৯
নিজস্ব প্রতিনিধি:
যশোর সদর উপজেলার চুরামনকাটি বাজারে লেবেলহীন, মূল্যতালিকাবিহীন এবং মেয়াদোত্তীর্ণ বীজ বিক্রির অপরাধে একটি প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
মঙ্গলবার (৭ জুলাই) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত চুরামনকাটি ও বারোবাজার এলাকায় এক বাজার তদারকিমূলক অভিযানে এ ব্যবস্থা নেওয়া হয়।
অভিযান সূত্রে জানা যায়, চুরামনকাটি বাজারের ‘মেসার্স আবু সালেহ সিডস অ্যান্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজ’-এ সবজি বীজের প্যাকেটে বাধ্যতামূলক লেবেল, ক্রয়-বিক্রয় মূল্য এবং মেয়াদোত্তীর্ণের তারিখ না থাকায় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৫ ধারায় এই জরিমানা করা হয়।
অভিযান চলাকালে ওই এলাকার বিভিন্ন মুদি ও কৃষি উপকরণের দোকান পর্যবেক্ষণ করে ব্যবসায়ীদের আইন মেনে ব্যবসা করার আহ্বান জানানো হয়।
ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যশোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামানের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে বীজ প্রত্যয়ন অফিস, জেলা পুলিশ এবং ক্যাব (CAB)-এর প্রতিনিধিরা অংশ নেন। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে অধিদপ্তর।
আপনার মতামত লিখুন :