তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী পালনে যশোরে বিএনপির দুই দিনের কর্মসূচি
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ৩০ অক্টোবর ২০২৬, ১০:০৮
স্টাফ রিপোর্টার :
আগামী ৪ নভেম্বর বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী। যশোরসহ দেশের দক্ষিণ-পশ্চিম জনপদের ‘উন্নয়নের কারিগর’ খ্যাত বরেণ্য এই রাজনীতিকের মৃত্যুবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনসমূহ।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন জানান, জননেতা তরিকুল ইসলামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে এবার দুই দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে—কবর জিয়ারত, দোয়া মাহফিল, শিক্ষা উপকরণ বিতরণ, জায়নামাজ-টুপি-তসবিহ বিতরণ, গণভোজ ও স্মরণসভা।
ঘোষিত কর্মসূচি অনুযায়ী, ৪ নভেম্বর সকাল ১০টা ৩০ মিনিটে কারবালা কবরস্থানে মরহুম তরিকুল ইসলামের কবর জিয়ারতের মধ্য দিয়ে দুই দিনের কর্মসূচি শুরু হবে। এরপর সকাল ১১টায় জেলা বিএনপি কার্যালয়ে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
একই দিনে বেলা ১২টায় জেলা বিএনপি কার্যালয়ে জেলা ছাত্রদলের আয়োজনে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ এবং বেলা ১২টা ৩০ মিনিটে জেলা মৎস্যজীবী দলের আয়োজনে মুসল্লিদের মাঝে জায়নামাজ, টুপি ও তসবিহ বিতরণ করা হবে। এছাড়া দিনব্যাপী বিএনপি এবং সব অঙ্গ-সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে জেলার বিভিন্ন স্থানে দোয়া মাহফিল ও গণভোজের আয়োজন করা হয়েছে।
পরবর্তীতে ১৪ নভেম্বর বেলা ৩টায় মুন্সী মেহেরুল্লাহ ময়দানে এক স্মরণসভা অনুষ্ঠিত হবে। উক্ত স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।
আপনার মতামত লিখুন :