• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

যশোরে ফ্ল্যাট দখল ও চাঁদা দাবি, সংবাদ সম্মেলনে ব্যবসায়ীর জীবনের নিরাপত্তা দাবি


FavIcon
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ২৬ জুলাই ২০২৬, ১৩:৩৭
ছবির ক্যাপশন: ad728

স্টাফ রিপোর্টার :
যশোরে এক ব্যবসায়ীর কাছে ৩০ লাখ টাকা চাঁদা দাবি, নিজ উপার্জিত ফ্ল্যাট দখল এবং সন্তানকে হত্যার হুমকিসহ ব্যবসা প্রতিষ্ঠানে হামলার অভিযোগ উঠেছে। রোববার (২৬ জুলাই) দুপুরে প্রেসক্লাব যশোরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মোবাইল ব্যবসায়ী রফিকুল ইসলাম এসব অভিযোগ তুলে ধরেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে রফিকুল ইসলাম বলেন, পারিবারিক দ্বন্দ্ব ও কাবিননামাকে কেন্দ্র করে তাঁর সাবেক স্ত্রী লামিয়া ইসলামের পরিবার অনৈতিকভাবে ৩০ লাখ টাকা চাঁদা দাবি করছে। কাবিননামার ধার্যকৃত ২ লাখ টাকা পরিশোধে সম্মতি জানালেও সাবেক স্ত্রীর মা শাহানারা বানু ও বোন রাবেয়া ইসলাম নানাভাবে তাঁকে হয়রানি করছেন।

তিনি অভিযোগ করেন, ব্যাংক থেকে ৪৯ লাখ টাকা ঋণ নিয়ে কেনা তাঁর নিজ উপার্জিত ফ্ল্যাটটি জোরপূর্বক দখল করে রাখা হয়েছে। ফ্ল্যাট ফেরত চাইতে গেলে ৩০ লাখ টাকা দাবি করা হয় এবং টাকা না দিলে সন্তানকে মেরে ফেলার হুমকি দেওয়া হচ্ছে। পাশাপাশি তাঁকে মাদক বা অবৈধ অস্ত্র দিয়ে মিথ্যা মামলায় ফাঁসানোর চক্রান্ত চলছে বলেও শঙ্কা প্রকাশ করেন তিনি।

হামলার বর্ণনা দিয়ে রফিকুল জানান, গত ১ জুলাই যশোর শহরের লালদিঘির পূর্ব পাশে তাঁর ব্যবসা প্রতিষ্ঠান ‘মোবাইল বাজার অন’-এ ধারালো অস্ত্রসহ হামলা চালায় সন্ত্রাসীরা। পরে জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’-এ ফোন দিলে পুলিশ গিয়ে তাঁকে উদ্ধার করে। পরবর্তীতে গত ১৩ জুলাই বড়বাজার এলাকায় তাঁর বাবার ব্যবসা প্রতিষ্ঠান ‘আরিফ ভান্ডার’-এও একই উদ্দেশ্যে হামলা চালানো হয়।

নিরাপত্তা ও প্রতিকার প্রসঙ্গে তিনি জানান, জীবনের নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে এবং গত ২০ জুলাই জজ কোর্টে আবেদন জানান তিনি। বর্তমানে বিষয়টি আদালতের নির্দেশে সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) তত্ত্বাবধানে তদন্তাধীন রয়েছে।

সংবাদ সম্মেলন থেকে ভুক্তভোগী ব্যবসায়ী নিরাপদে ব্যবসা পরিচালনা, দখল হওয়া ফ্ল্যাট পুনরুদ্ধার এবং নিজের ও সন্তানের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আশু হস্তক্ষেপ ও ন্যায়বিচার দাবি জানান।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর বড় ভাই শহিদুল ইসলাম, যশোর জেলা ইলেকট্রনিকস ব্যবসায়ী সমিতির সভাপতি মঙ্গল শিকদার, সাধারণ সম্পাদক আদনান রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক কংকন কুণ্ডু, সদস্য রায়হান ইসলাম, আবু সাঈদ ও আমিরুল ইসলামসহ স্থানীয় ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।