চৌগাছায় ভ্রাম্যমাণ আদালতে ২শ লিটার ডিজেল জব্দ
সাইফুল্লাহ খালিদ
নিউজ প্রকাশের তারিখ : ২১ এপ্রিল ২০২৬, ১৩:০৭
চৌগাছা প্রতিনিধি:
যশোরের চৌগাছায় এক ডিজেল এজেন্টকে ১০ হাজার টাকা জরিমানা এবং ২০০ লিটার ডিজেল জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার দুপুরে চৌগাছা-শার্শা সড়কের চৌগাছা পৌরসভার কুঠিপাড়া দিনায়েত মোড়ে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ইসলাম। এসময় তার সাথে উপজেলা কৃষি কর্মকর্তা মুসাব্বির হুসাইন, চৌগাছা থানার ওসি মামুনুর রশীদ, উপ-পরিদর্শক (এসআই) আব্দুস সাত্তারসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
আদালত সূত্রে জানা গেছে, নিয়ম অমান্য করে রেজিস্ট্রার মেইটেইন করে কৃষকের কাছে ডিজেল বিক্রি না করে পার্শ্ববর্তী শার্শা উপজেলার একটি মুদি দোকানীর কাছে ব্যারেল ভর্তি ২০০ লিটার ডিজেল বিক্রি করেন চৌগাছার মেসার্স লিয়াকত এন্টার প্রাইজ নামে এক ডিজেল এজেন্ট। একটি ভ্যানে করে ওই তেল শার্শার মুদি দোকানে নেয়া হচ্ছিলো। স্থানীয়রা ভ্যান চালককে চ্যালেঞ্জ করে তার কাছে মেমো দেখতে চান। তবে তিনি তা দেখাতে না পারায় ভ্যানটিকে আটকে রেখে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানার ওসির কাছে অভিযোগ দেন তারা।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। আদালত পেট্রোলিয়াম আইন ২০১৬ এর ২০(১) ধারায় লিয়াকত এন্টার প্রাইজের মালিক শফিকুল ইসলামের নিকট থেকে দশ হাজার টাকা জরিমানা আদায় করেন এবং ২০০ লিটার তেল জব্দ করে চৌগাছার বিশ্বাস ফিলিং স্টেশনে বিক্রি করে ২২১৭০ টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা দিয়েছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ইসলাম বলেন, এধরণের অভিযান অব্যাহত থাকবে।
আপনার মতামত লিখুন :