খুলনা বিভাগে হাম আক্রান্তের হটস্পট যশোরে, হাম-রুবেলার টিকাদান কর্মসূচি শুরু
সাইফুল্লাহ খালিদ
নিউজ প্রকাশের তারিখ : ০৫ এপ্রিল ২০২৬, ০৫:৫৮
নিজেস্ব প্রতিনিধি:
খুলনা বিভাগে হাম আক্রান্তের হটস্পট যশোর সদরে হাম-রুবেলার টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। রবিবার উপজেলার বিরামপুর কমিউনিটি ক্লিনিক চত্বরে এই কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য অধিদপ্তরের খুলনা বিভাগীয় পরিচালক ডা: মুজিবুর রহমান।
এসময় জেলা বিএনপির সভাপতি সাবেরুল হক সাবু, অতিরিক্ত জেলা প্রশাসক খান মাসুম বিল্লাহ, সিভিল সার্জন মাসুদ রানা, ডেপুটি সিভিল সার্জন নাজমুস সাকিব রাসেলসহ স্বাস্থ্য ও প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
স্বাস্থ্য অধিদপ্তরের খুলনা বিভাগীয় পরিচালক ডা: মুজিবুর রহমান বলেন, 'নানা কারণে হাম-রুবেলার টিকাদান কর্মসূচি দেড় বছরের বেশি সময় পিছিয়েছে। একই সাথে অভিভাবকদের ভিতরেও টিকা গ্রহনে অনিহা লক্ষ করেছি। কার্যত এবার হামের দুর্ভাগ প্রার্দুভাব বেড়েছে। এটা নিয়ে আতংকিত হওয়ার কোন কারণ নেই। আমাদের পর্যপ্ত টিকা রয়েছে। হামের হটস্পট খুলনা বিভাগে যশোর সদর। এই উপজেলায় ৯০ হাজার শিশুদের টিকা কার্যক্রমের আওতায় আনা হবে। সেই লক্ষে এক লক্ষ হাম রুবেলার টিকা মজুদ রয়েছে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে খুলনা বিভাগীয় পরিচালক বলেন, এটি একটি চলমান প্রক্রিয়া। প্রাথমিকভাবে উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে কার্যক্রম শুরু হলেও ধীরে ধীরে বিভাগের অন্য জেলা উপজেলাতে সম্প্রসারণ করা হবে। জুলাই মাসের মধ্যে এটি নিয়মিত কর্মসূচির অংশ হিসেবে চালু থাকবে।
এদিকে, যশোরে গত ২৪ ঘণ্টায় জেনারেল হাসপাতালে একজনসহ সন্দেহভাজন নতুন পাঁচজনের হামের রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। চলতি বছরে তিনমাসে মোট ১৬৪ জনের নমুনা পরীক্ষা করে ২৫ জনের হামের ভাইরাস শনাক্ত হয়েছে। এমন অবস্থায় যশোরে টিকাদার কর্মসূচি শুরু হওয়াতে স্বস্তি ফিরেছে অভিভাবকদের ভিতরে।
সিভিল সার্জন ডাক্তার মাসুদ রানা বলেন, সম্প্রতি হামের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় রোগ প্রতিরোধের লক্ষ্যে সরকার এই বিশেষ ক্যাম্পেইনের সিদ্ধান্ত নিয়েছে। সাধারণত রুটিন টিকাদান কর্মসূচিতে শিশুদের হাম-রুবেলার দুটি ডোজ দেওয়া হলেও, বর্তমান পরিস্থিতিতে বাড়তি সুরক্ষার জন্য ক্যাম্পেইনের মাধ্যমে মাস থেকে পাঁচবছর বয়সী সকল শিশুকে আবারও এই টিকা গ্রহণ করতে হবে। শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় এবং হাম-রুবেলা নির্মূলে এই কর্মসূচিতে অংশ নিতে সংশ্লিষ্ট এলাকার সকল অভিভাবককে শিশুদের নিয়ে ক্লিনিকে আসার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন তিনি।
আপনার মতামত লিখুন :