যশোরে ৪৯ বিজিবির অভিযানে মাদক ও বিপুল পরিমাণ চোরাচালানি পণ্য জব্দ
সাইফুল্লাহ খালিদ
নিউজ প্রকাশের তারিখ : ২৬ অগাস্ট ২০২৬, ১৪:৪১
নিজস্ব প্রতিবেদক:
যশোর সীমান্তে পৃথক অভিযান চালিয়ে বিভিন্ন প্রকার মাদক ও বিপুল পরিমাণ চোরাচালানি মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৪৯ বিজিবি)। বুধবার (২৬ আগস্ট ২০২৬) সীমান্ত এলাকার তিনটি পৃথক স্থানে অভিযান চালিয়ে এসব পণ্য আটক করা হয়। উদ্ধারকৃত মালামালের আনুমানিক সিজার মূল্য প্রায় ৭ লাখ ৫৫ হাজার ১০০ টাকা।
বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) অধীনস্থ হিজলী বিওপি, বেনাপোল আইসিপি এবং আমড়াখালী চেকপোষ্টের বিশেষ টহলদল সীমান্তে চোরাচালান বিরোধী এই অভিযান পরিচালনা করে। অভিযানে ভারতীয় ৫০ বোতল নেশাজাতীয় এসকাফ (ESCUF) সিরাপ, ৫৮টি ভারতীয় শাড়ি, ৫৭টি চকলেট, ৩৬ কেজি ফুচকা, ১ কেজি জিরা, ৫০০ গ্রাম কিসমিস, ৫ প্যাকেট সোয়ান পাপড়ি এবং ৩৫২টি বিভিন্ন প্রকার কসমেটিক্স সামগ্রী জব্দ করা হয়।
এক বিজ্ঞপ্তিতে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, সীমান্ত দিয়ে মাদক ও অন্যান্য অবৈধ মালামাল চোরাচালান রোধে বিজিবি দীর্ঘদিন ধরে বিশেষ পরিকল্পনা ও গোয়েন্দা তৎপরতা চালিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় নিয়মিত আভিযানিক কার্যক্রম পরিচালনা করে এসব চোরাচালানি মালামাল জব্দ করা সম্ভব হয়েছে।
দেশের সীমান্ত সুরক্ষায় এবং মাদক ও চোরাচালান মুক্ত রাখতে বিজিবির এ ধরনের আভিযানিক কার্যক্রম ভবিষ্যতেও কঠোরভাবে অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।
আপনার মতামত লিখুন :