যশোরে পেট্রোল পাম্পের আড়ালে নকল মবিলের কারখানা, র্যাবের অভিযান
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ৬ অগাস্ট ২০২৬, ০৯:৪৪
যশোর-মাগুরা মহাসড়কের পাশে নামীদামি ব্র্যান্ডের বোতলে ভর্তি নকল মবিল প্রস্তুতকারী একটি কারখানায় অভিযান চালিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। অভিযানে বিভিন্ন সুপরিচিত ও বিদেশী ব্র্যান্ডের নামে বাজারজাতের জন্য প্রস্তুত রাখা বিপুল পরিমাণ নকল মবিল, খালি বোতল, জেল এবং রাসায়নিক সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুর ১টায় যশোর-মাগুরা মহাসড়কের পাশে অবস্থিত 'মেসার্স সিদ্দিক বিশ্বাস ফিলিং স্টেশন' সংলগ্ন 'মেসার্স রিজিয়া হ্যালো এলপিজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভার্শন'-এ এই অভিযান পরিচালনা করা হয়।
র্যাব সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে চালানো এই অভিযানে পেট্রোল পাম্প প্রাঙ্গণের ভেতরে গোপন এক নকল মবিল কারখানার সন্ধান পাওয়া যায়। সেখান থেকে টিভিএস, ইন্ডোম্যাক্স, মিন্ডা ও হিরোসহ বিভিন্ন স্বনামধন্য প্রতিষ্ঠানের লোগো সম্বলিত খালি বোতল এবং প্যাকেজিং সামগ্রী জব্দ করা হয়। এসব ব্র্যান্ডের বোতলে নিম্নমানের ক্ষতিকর রাসায়নিক মিশিয়ে প্রস্তুতকৃত মবিল বাজারজাত করার উদ্দেশ্যে ভরাট করা হচ্ছিল।
বিশেষজ্ঞ ও পরিবহন সংশ্লিষ্টদের মতে, মোটরসাইকেল, প্রাইভেটকার ও ট্রাকের মতো যানবাহনে এ ধরনের নিম্নমানের নকল মবিল ব্যবহারে ইঞ্জিনের কার্যক্ষমতা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এতে একদিকে যন্ত্রাংশ দ্রুত ক্ষয়ে যায়, অন্যদিকে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখোমুখি হন যানবাহন মালিকরা।
স্থানীয়রা জানান, মহাসড়কের পাশে ফিলিং স্টেশনের আড়ালে দীর্ঘদিন ধরে এ ধরনের অপকর্ম পরিচালিত হয়ে আসছিল। র্যাবের অভিযানের পরেই মূলত এই বড় ধরনের জালিয়াতির বিষয়টি প্রকাশ্যে আসে।
অভিযান শেষে জব্দকৃত সরঞ্জাম ও নকল মবিলের তালিকা তৈরির কাজ চলছে। র্যাবের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত জানানো হবে। একই সঙ্গে এই চক্রের মূল হোতা ও সহযোগীদের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
আপনার মতামত লিখুন :