• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

চৌগাছায় অবৈধভাবে পরিবহনের সময় ১৫ বস্তা সার জব্দ


FavIcon
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৩
ছবির ক্যাপশন: ad728

চৌগাছা (যশোর) প্রতিনিধি:
যশোরের চৌগাছায় অবৈধভাবে অন্যত্র বিক্রির উদ্দেশ্যে পরিবহনের সময় ১৫ বস্তা ইউরিয়া ও ডিএপি সার জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সাথে এ ঘটনায় জড়িত থাকার অপরাধে ভ্যানচালক ও সংশ্লিষ্ট সার ডিলারের ম্যানেজারকে মোট ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে চৌগাছা হাজী সরদার মর্তুজ আলী মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, রাতে সারবোঝাই একটি ভ্যান যাওয়ার সময় স্থানীয় লোকজনের সন্দেহ হলে তারা ভ্যানটি আটক করে উপজেলা প্রশাসনকে খবর দেন। এ সময় মূল অভিযুক্ত বকুল ইসলাম কৌশলে পালিয়ে যান।

খবর পেয়ে চৌগাছা পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) জি. এম. এ. মুনীব ঘটনাস্থলে পৌঁছে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। সার ব্যবস্থাপনা আইন, ২০০৬-এর ১২ ধারায় ভ্যানচালক আমির হোসেনকে ২ হাজার টাকা এবং 'মেসার্স শয়ন ট্রেডার্স'-এর ম্যানেজার পলাশকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ অনাদায়ে ভ্যানচালককে ৭ দিন এবং ম্যানেজারকে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন আদালত।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, জব্দ করা সার সরকারি নির্ধারিত মূল্যে স্থানীয় সাধারণ কৃষকদের কাছে বিক্রি করা হবে এবং বিক্রয়লব্ধ অর্থ সরকারি কোষাগারে জমা হবে।

কৃষকদের জন্য বরাদ্দকৃত সার কালোবাজারি বা পাচার রোধে এ ধরনের প্রশাসনিক অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।