প্রিন্ট এর তারিখঃ Nov 5, 2026 ইং || প্রকাশের তারিখঃ 05 November 2026, 10:01 ইং
যশোরে বনফুল মিষ্টির দোকানে এক লাখ টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার :
যশোর শহরের চৌরাস্তা মোড়ে বনফুল মিষ্টি ভান্ডারে (বনফুল এন্ড কোং) অভিযান চালিয়ে এক লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মিষ্টি সংরক্ষণে অস্বাস্থ্যকর পরিবেশ, তেলাপোকার উপস্থিতি এবং মূল্য তালিকা প্রদর্শন না করাসহ বিভিন্ন অনিয়মের কারণে প্রতিষ্ঠানটিকে এ জরিমানা করা হয়।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুর ১২টার দিকে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর যশোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সেলিমুজ্জামানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে জেলা পুলিশের একটি দল এবং কনজুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) যশোর জেলা শাখার প্রতিনিধি উপস্থিত ছিলেন।
অভিযানকালে দোকানের ডিসপ্লেতে রাখা বিদেশি চকলেটের গায়ে আমদানিকারকের মূল্য তালিকা প্রদর্শন না করা, মিষ্টির মূল্য তালিকা প্রদর্শন না করা এবং দোকানের ভেতরের স্টোর রুমে মিষ্টি খোলা অবস্থায় সংরক্ষণ করা হচ্ছিল। এসব মিষ্টির ওপর ও আশপাশে অসংখ্য তেলাপোকার উপস্থিতি দেখতে পান অভিযান পরিচালনাকারীরা।
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর যশোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সেলিমুজ্জামান বলেন, মিষ্টির মতো খাদ্যপণ্যের সঙ্গে তেলাপোকার সহাবস্থান জনস্বাস্থ্যের জন্য অত্যন্ত উদ্বেগজনক। এভাবে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি সংরক্ষণ ও বিক্রি করা যায় না। মূল্য তালিকা প্রদর্শন না করা এবং স্বাস্থ্যবিধি লঙ্ঘনের দায়ে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
তিনি জানান, প্রতিষ্ঠানটি জরিমানার অর্থ পরিশোধ করেছে এবং অনিয়মের বিষয়টি স্বীকার করে ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার অঙ্গীকার করেছে। একই সঙ্গে যশোর জেলার অন্য শাখাগুলোকে সতর্ক করে স্বাস্থ্যসম্মত পরিবেশ ও পরিচ্ছন্নতা বজায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
সহকারী পরিচালক আরও বলেন, ভবিষ্যতে এ ধরনের অনিয়ম পাওয়া গেলে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে সর্বোচ্চ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ