প্রিন্ট এর তারিখঃ Nov 3, 2026 ইং || প্রকাশের তারিখঃ 03 November 2026, 16:06 ইং
জুবায়েরের স্বপ্ন চিকিৎসক হওয়া

নিজস্ব প্রতিবেদক:
যশোর আমিনিয়া কামিল মাদরাসা থেকে চলতি বছরের আলিম পরীক্ষায় জিপিএ-৫.০০ অর্জন করে কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন মো. জুবায়ের শেখ। কঠোর পরিশ্রম ও অধ্যবসায়ের মাধ্যমে অর্জিত এই সাফল্য তাকে ও তার পরিবারকে এনে দিয়েছে এক আনন্দঘন মুহূর্ত।
নিজের এই সাফল্যের পেছনে বাবা মো. সোহরাব হোসেন ও মা মর্জিনা খাতুনের দোয়া এবং সর্বাত্মক সহযোগিতাকে সবচেয়ে বড় অবদান হিসেবে উল্লেখ করেছেন এই কৃতি শিক্ষার্থী। জুবায়ের জানান, মায়ের বিশেষ দোয়া ও নিয়মিত অনুপ্রেরণা ছাড়া এই ফলাফল অর্জন করা কখনোই সম্ভব হতো না। তাই তার এই অর্জন তিনি পরম শ্রদ্ধায় মাকেই উৎসর্গ করেছেন।
সাফল্যের পেছনের কারিগর শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে জুবায়ের বলেন, মাদরাসার সম্মানিত শিক্ষকদের আন্তরিক পাঠদান, স্নেহ এবং সঠিক দিকনির্দেশনা তার সাফল্যের পথকে সহজ করে দিয়েছে।
নিজের ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে মো. জুবায়ের শেখ জানান, তিনি উচ্চশিক্ষা অর্জন করে ভবিষ্যতে একজন চিকিৎসক হিসেবে দেশ ও মানুষের সেবা করতে চান। সফল এই পথচলায় তিনি দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেছেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ