প্রিন্ট এর তারিখঃ Oct 30, 2026 ইং || প্রকাশের তারিখঃ 29 October 2026, 11:06 ইং
যশোরে পৈতৃক জমি দখলচেষ্টা, প্রাণনাশের হুমকির অভিযোগ

নিজস্ব প্রতিবেদক:
যশোরে পৈতৃক জমি জোরপূর্বক দখলচেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন মো. হেলাল হোসেন নামে এক ব্যক্তি। এ ঘটনায় নিজের ও পরিবারের সদস্যদের নিরাপত্তা নিয়ে চরম উদ্বেগ প্রকাশ করে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন তিনি।
বুধবার (২৮ অক্টোবর) যশোর প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব অভিযোগ করেন হেলাল হোসেন। তিনি যশোর সদর উপজেলার চাউলিয়া গ্রামের মৃত ইনতাজ আলী বিশ্বাসের ছেলে।
লিখিত বক্তব্যে হেলাল হোসেন জানান, তাঁর দাদা মকসেদ আলী বিশ্বাসের নামে চাউলিয়া মৌজায় ৯২৫ নম্বর খতিয়ানের এসএ ৫৫৪ নম্বর দাগে মোট ৭ শতক জমি রয়েছে। দাদা জীবিত থাকাকালে ৬২৯০ নম্বর দলিলের মাধ্যমে ইউনুচ আলী মোল্লার কাছে ২ দশমিক ২৫ শতক জমি বিক্রি করেন। দাদার মৃত্যুর পর তাঁরা বৈধ ওয়ারিশ হিসেবে পরিবারের অন্য সদস্যদের সঙ্গে অবশিষ্ট জমি ভোগদখল করে আসছিলেন বলে দাবি করেন তিনি।
তিনি আরও জানান, জমি নিয়ে বিরোধ সৃষ্টি হলে তাঁরা আদালতে দেওয়ানি মামলা করেন। ৪৬৩/২০২৫ নম্বর মামলাটি বর্তমানে বিচারাধীন রয়েছে।
হেলাল হোসেনের অভিযোগ, স্থানীয় ইমদাদুল ইসলাম টুটুল, তাঁর বড় ভাই মেহেদি হাসান বাবু ওরফে বোতল বাবু এবং তাঁদের চাচা মুনতাজ গাজী, হায়দার গাজী, নিজাম গাজীসহ তাঁদের সহযোগীরা দীর্ঘদিন ধরে ওই জমি দখলের চেষ্টা করে আসছেন। এরই ধারাবাহিকতায় গত ২৪ অক্টোবর অভিযুক্ত ব্যক্তিরা অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে জমিতে অনধিকার প্রবেশ করেন এবং জোরপূর্বক ঘরবাড়ি বা সীমানাপ্রাচীর নির্মাণের চেষ্টা চালান বলে অভিযোগ করেন তিনি।
লিখিত বক্তব্যে তিনি বলেন, জমি দখলের চেষ্টায় বাধা দিলে তাঁকে ও তাঁর পরিবারের সদস্যদের অকথ্য ভাষায় গালিগালাজ এবং ভয়ভীতি প্রদর্শন করা হয়। জমি ছেড়ে না দিলে ও আইনি পদক্ষেপ নিলে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগ তাঁর।
হেলাল হোসেন বলেন, “অভিযুক্তদের ক্রমাগত ভয়ভীতি ও প্রাণনাশের হুমকিতে আমি এবং আমার পরিবার চরম আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছি। এমনকি নিজ বাড়িতেও নিরাপদে থাকতে পারছি না। এ বিষয়ে আমি ইতোমধ্যে থানায় সাধারণ ডায়েরি করেছি।”
তিনি আরও বলেন, তাঁরা আইন মেনে পৈতৃক সম্পত্তির অধিকার ফিরে পেতে চান। পাশাপাশি পরিবারের সদস্যদের জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা প্রয়োজন।
সংবাদ সম্মেলন থেকে তিনি জমি দখলচেষ্টার অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ, পৈতৃক সম্পত্তি নিয়ে বিরোধের আইনসম্মত সমাধান এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ