প্রিন্ট এর তারিখঃ Oct 28, 2026 ইং || প্রকাশের তারিখঃ 27 October 2026, 11:21 ইং
যশোর সীমান্তে বিজিবির অভিযান: প্রায় ১২ লাখ টাকার চোরাচালানি মালামাল জব্দ

নিজস্ব প্রতিবেদক :
যশোর সীমান্তে অভিযান চালিয়ে প্রায় ১২ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানি মালামাল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার (২৭ অক্টোবর ২০২৬) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর অধীনস্থ বেনাপোল আইসিপি ক্যাম্পের একটি টহলদল সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী এই বিশেষ অভিযান পরিচালনা করে।
বিজিবি সূত্রে জানা যায়, অভিযানে ভারতীয় ১০৭টি শাড়ি, ১টি কম্বল, ১৩টি চাদর, ১৫ প্যাকেট ফুসকা, ১ কেজি কিসমিস, ২৪১টি চকলেট এবং ২৪৫টি বিভিন্ন প্রকারের কসমেটিকস সামগ্রী জব্দ করা হয়। আটককৃত এসব মালামালের মোট আনুমানিক বাজারমূল্য ১১ লাখ ৮৮ হাজার ২০০ টাকা।
এ বিষয়ে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, দীর্ঘদিন ধরে মাদকদ্রব্য ও চোরাচালানি মালামালসহ পাচার চক্র আটকের জন্য সীমান্ত এলাকায় বিজিবির বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে।
তিনি আরও বলেন, এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিত অভিযান চালিয়ে বিভিন্ন ধরণের চোরাচালানি মালামাল ও মাদক জব্দ করা হচ্ছে। সীমান্তে নিরাপত্তা রক্ষা এবং চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের কঠোর আভিযানিক কার্যক্রম সবসময় অব্যাহত থাকবে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ