প্রিন্ট এর তারিখঃ Oct 20, 2026 ইং || প্রকাশের তারিখঃ 20 October 2026, 07:10 ইং
অভয়নগরে নিজ বসতঘরের খাট থেকে বৃদ্ধার গলাকাটা মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার :
যশোরের অভয়নগরে নিজ বসতঘর থেকে আছিয়া বেগম (৬৫) নামের এক বৃদ্ধার গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার সিদ্ধিপাশা ইউনিয়নের রামনগর গ্রামে এই নির্মম হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত আছিয়া বেগম রামনগর গ্রামের প্রয়াত আবু দাউদ শেখের স্ত্রী।
স্বামীর মৃত্যুর পর আছিয়া বেগম তাঁর এক বোনের সঙ্গে ওই বাড়িতে বসবাস করে আসছিলেন। নিহতের মেয়ে পান্না বেগম জানান, সোমবার তাঁর খালা অন্য এক মেয়ের বাড়িতে বেড়াতে যান। ফলে রাতে বাড়িতে আছিয়া বেগম একাই ছিলেন। মঙ্গলবার সকালে প্রতিবেশীরা তাঁকে ডাকাডাকি করলেও ভেতর থেকে কোনো সাড়াশব্দ পাননি। সন্দেহ হলে তাঁরা ঘরে ঢুকে খাটের ওপর আছিয়া বেগমের রক্তাত ও গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে পুলিশে খবর দেওয়া হলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুজ্জামান জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। আলামত সংগ্রহের কাজ চলছে এবং হত্যার রহস্য উন্মোচনে কাজ করছে পুলিশ। তবে তদন্তের স্বার্থে এখনই বিস্তারিত কিছু বলা সম্ভব হচ্ছে না।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ