প্রিন্ট এর তারিখঃ Oct 13, 2026 ইং || প্রকাশের তারিখঃ 13 October 2026, 08:43 ইং
যশোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

স্টাফ রিপোর্টার :
যশোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে মোট ২৪৬ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়।
সংবর্ধিত শিক্ষার্থীদের মধ্যে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ১২৫ জন, অষ্টম শ্রেণিতে বৃত্তিপ্রাপ্ত ৪৭ জন এবং প্রাথমিক স্তরে বৃত্তিপ্রাপ্ত ৩৬ জন ছাত্রী রয়েছে। মূল আলোচনা সভার আগে আয়োজিত হয় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে বিদ্যালয়ের ছাত্রীরা নান্দনিক পরিবেশনা তুলে ধরে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান। তিনি তাঁর বক্তব্যে বলেন, "চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলা ও তা বাস্তবায়নে প্রতিযোগিতার কোনো বিকল্প নেই। তবে কেবল সাফল্য অর্জন করলেই চলবে না; ছাত্রীদের মেধার বিকাশের পাশাপাশি নৈতিকতা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে হবে।"
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হোসনে আরা পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) খান মাসুম বিল্লাহ এবং অতিরিক্ত পুলিশ সুপার রাজিবুল ইসলাম।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন এবং যশোর জিলা স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ জয়নুল আবেদীন প্রমুখ। অনুষ্ঠানটি যৌথভাবে পরিচালনা করেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আহসান হাবীব পারভেজ ও শিরিনা খাতুন।
আলোচনা পর্ব শেষে অতিথিবৃন্দ কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা ও স্মারক তুলে দেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ