প্রিন্ট এর তারিখঃ Oct 10, 2026 ইং || প্রকাশের তারিখঃ 10 October 2026, 12:05 ইং
যশোর সীমান্তে সাড়ে ৬ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ
নিজস্ব প্রতিবেদক:
যশোরের বেনাপোল সীমান্তে চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে ৬ লাখ ৫১ হাজার ৬০০ টাকা মূল্যের ভারতীয় শাড়ি, থ্রিপিস, চকলেট, ওষুধ ও প্রসাধনসামগ্রী জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (১০ অক্টোবর) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) অধীনস্থ বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্টের (আইসিপি) টহলদল সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করা হয় ।
জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে ভারতীয় ৬১টি শাড়ি, একটি থ্রিপিস, পাঁচটি চকলেট, ৬০০ পিস ওষুধ এবং ১০৫টি প্রসাধনসামগ্রী। জব্দ করা এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ৬ লাখ ৫১ হাজার ৬০০ টাকা।
বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ এবং অবৈধভাবে পণ্য পাচার বন্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় বেনাপোল আইসিপি এলাকায় অভিযান চালিয়ে এসব চোরাচালানি পণ্য জব্দ করা হয়।
যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, দীর্ঘদিন ধরে মাদকদ্রব্য ও চোরাচালানি মালামালসহ পাচার চক্রের সদস্যদের আটকের লক্ষ্যে বিজিবির বিশেষ পরিকল্পনা অনুযায়ী সীমান্ত এলাকায় গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।
তিনি বলেন, এ কার্যক্রমের অংশ হিসেবে যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এসব অভিযানে মাদকদ্রব্যসহ বিভিন্ন ধরনের চোরাচালানি পণ্য জব্দ করতে সক্ষম হচ্ছে বিজিবি।
সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ, অবৈধ পণ্য পাচার বন্ধ এবং পাচার চক্রের তৎপরতা রোধে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ