প্রিন্ট এর তারিখঃ Oct 7, 2026 ইং || প্রকাশের তারিখঃ 07 October 2026, 07:35 ইং
৩০ হাজার টাকা ন্যূনতম মজুরিসহ ১০ দফা দাবিতে যশোরে ট্রেড ইউনিয়ন সংঘের মানববন্ধন

স্টাফ রিপোর্টার :
জাতীয় ন্যূনতম মূল মজুরি ৩০ হাজার টাকা ঘোষণা, গণতান্ত্রিক শ্রমআইন প্রণয়ন, অবাধ ট্রেড ইউনিয়ন অধিকার ও রেশনিং ব্যবস্থা চালুসহ ১০ দফা দাবিতে যশোরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার দুপুরে প্রেসক্লাব যশোরের সামনে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ, যশোর জেলা শাখার উদ্যোগে কর্মসূচির আয়োজন করা হয়।
বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ, যশোর জেলা শাখার সভাপতি আশুতোষ বিশ্বাসের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের জেলা সাধারণ সম্পাদক কৃষ্ণ লাল সরকার, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের জেলা সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, যশোর পৌরসভা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হিরন সরকার, বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় নেতা নাজমুল হোসাইন এবং যশোর জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক কামাল পারভেজ দুলু।
মানববন্ধনে বক্তারা বলেন, বর্তমান বাজারে নিত্যপ্রয়োজনীয় জিনিসের আকাশচুম্বী দামের কারণে সাধারণ শ্রমিকদের জীবনযাত্রা চরম সংকটে পড়েছে। শ্রমিকের জীবনযাত্রার মান বিবেচনায় এনে অবিলম্বে জাতীয় ন্যূনতম মূল মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ করতে হবে। একইসঙ্গে শ্রমিকদের গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করতে অবাধ ট্রেড ইউনিয়ন চর্চা ও রেশনিং চালুসহ শ্রম আইন সংশোধনের জোর দাবি জানান তারা।
সমাবেশ থেকে বক্তারা শ্রমিকদের ১০ দফা দাবি মেনে নেওয়ার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ