প্রিন্ট এর তারিখঃ Oct 4, 2026 ইং || প্রকাশের তারিখঃ 04 October 2026, 07:52 ইং
চৌগাছায় পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী কিশোর নিহত, আহত ২

স্টাফ রিপোর্টার :
যশোরের চৌগাছায় প্রাইভেট পড়তে যাওয়ার পথে পিকআপের ধাক্কায় জুবায়ের হোসেন (১৫) নামে এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে তার দুই সহপাঠী।
রোববার (৪ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে চৌগাছা-মহেশপুর সড়কের ফাসতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত জুবায়ের হোসেন উপজেলার চাঁদপাড়া গ্রামের আলীম দাফাদারের ছেলে। আহতরা হলো একই গ্রামের জাহিদুল ইসলামের ছেলে লিখন (১৫) ও ওয়াসিমের ছেলে ফাহিম (১৫)। তারা তিনজনই চাঁদপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী।
স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সকালে তিন বন্ধু একটি মোটরসাইকেলে করে প্রাইভেট পড়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। সকাল সাড়ে ৭টার দিকে তারা ফাসতলা এলাকায় পৌঁছালে মহেশপুর থেকে আসা একটি অজ্ঞাতনামা পিকআপ তাদের মোটরসাইকেলটিকে সামনে থেকে ধাক্কা দেয়। এতে তিনজনই সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হয়। দুর্ঘটনার পর পিকআপটি না থেমে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
পরে সড়কে চলাচলকারী পথচারীরা আহত তিন কিশোরকে উদ্ধার করে সকাল ৭টা ৫৫ মিনিটের দিকে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে জুবায়ের হোসেনকে মৃত ঘোষণা করেন।
আহত লিখন ও ফাহিমের অবস্থা আশঙ্কামুক্ত বলে জানা গেছে। তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছে।
নিহত জুবায়েরের মরদেহ চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। দুর্ঘটনার বিষয়টি নিয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ