প্রিন্ট এর তারিখঃ Oct 3, 2026 ইং || প্রকাশের তারিখঃ 03 October 2026, 04:54 ইং
যশোরে শব্দ থিয়েটারের নতুন নাটক ‘ঘোমটা’ মঞ্চস্থ

স্টাফ রিপোর্টার :
যশোরে সংস্কৃতিচর্চাকে আরও সমৃদ্ধ ও পরিশীলিত করার লক্ষ্যে বিশিষ্ট কথাসাহিত্যিক ইসমত চুগতাইয়ের বিখ্যাত গল্প অবলম্বনে নতুন নাটক ‘ঘোমটা’ মঞ্চস্থ করেছে নাট্য সংগঠন ‘শব্দ থিয়েটার’। আজ শুক্রবার (২ অক্টোবর) সন্ধ্যা ৭টায় যশোর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে নাটকটির উদ্বোধনী প্রদর্শনী অনুষ্ঠিত হয়। নাটকটির নাট্যরূপ ও নির্দেশনা দিয়েছেন মাসউদ জামান।
প্রদর্শনীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান নার্গিস বেগম। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান।
‘ঘোমটা’ নাটকের এই প্রদর্শনীর মধ্য দিয়ে বাংলাদেশের নাট্যাঙ্গনে নতুন উদ্যোগের সূচনা করেছে শব্দ থিয়েটার রাজধানীর তারকা শিল্পীদের জেলা শহরের মঞ্চে যুক্ত করা। ঢাকার বাইরের নাট্যাঙ্গনে রাজধানী কেন্দ্রিক পরিচিত ও জনপ্রিয় শিল্পীদের নিয়মিত অভিনয়ের সুযোগ তৈরি করা। এর অংশ হিসেবে দেশের অন্যতম জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী ঈষিকা সাকিন প্রথমবারের মতো যশোরের মঞ্চে অভিনয়ে অংশ নেন।
দেশে সরাসরি থিয়েটারের জন্য প্রথমবারের মতো নিজস্ব ওয়েবসাইটের মাধ্যমে ডিজিটাল টিকিটিং চালু করেছে সংগঠনটি। দর্শকরা ঘরে বসেই বিকাশের মাধ্যমে শতভাগ ডিজিটাল পদ্ধতিতে ১০০ টাকা ও ২০০ টাকা মূল্যের টিকিট সংগ্রহ করার সুযোগ পান।
নাটকে অভিনয়ের অভিজ্ঞতা ও অনুভূতি প্রকাশ করে প্রধান চরিত্রের অভিনেত্রী ঈষিকা সাকিন জানান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে থিয়েটারে প্রাতিষ্ঠানিক শিক্ষা শেষ করে নাটক ও সিনেমায় কাজ করলেও মঞ্চের সরাসরি দর্শক-প্রতিক্রিয়ার আনন্দ সম্পূর্ণ আলাদা। যশোরের সংস্কৃতিপ্রেমী দর্শক ও তাদের আতিথেয়তার প্রশংসা করে তিনি স্থানীয় নাট্যপ্রেমীদের ভালোবাসার প্রতি কৃতজ্ঞতা জানান।
অনুষ্ঠানে শব্দ থিয়েটারের সদস্য শাহাবুদ্দিন সাবু, জায়েদ মোহাম্মদ, রিফাত মাহমুদ, সোহেল রানা, মারুফ হোসেন ও পিয়াস মন্ডলসহ স্থানীয় নাট্য ও সংস্কৃতি কর্মীরা উপস্থিত ছিলেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ