প্রিন্ট এর তারিখঃ Sep 30, 2026 ইং || প্রকাশের তারিখঃ 30 September 2026, 07:24 ইং
চৌগাছার পাশাপোলে জামায়াতের কর্মী সমাবেশ, চেয়ারম্যান প্রার্থী মাহমুদুর রহমান

চৌগাছা (যশোর) প্রতিনিধি:
যশোরের চৌগাছা উপজেলার ২ নম্বর পাশাপোল ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর রুকন ও কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর, ২০২৬) অনুষ্ঠিত এ সমাবেশে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে পাশাপোল ইউনিয়নে জামায়াতে ইসলামীর একক চেয়ারম্যান প্রার্থী হিসেবে মো. মাহমুদুর রহমানের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।
পাশাপোল ইউনিয়ন জামায়াতের ভারপ্রাপ্ত আমীর কবির উদ্দিনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমীর অধ্যাপক গোলাম রসুল।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক গোলাম রসুল বলেন, সমাজে সৎ, যোগ্য ও খোদাভীরু নেতৃত্ব প্রতিষ্ঠা করাই জামায়াতে ইসলামীর মূল লক্ষ্য। তিনি বলেন, "নেতৃত্বের আমূল পরিবর্তনের জন্য জনগণের সমর্থন অপরিহার্য। শুধু ধর্মীয় ইবাদত-বন্দেগিতে সীমাবদ্ধ না থেকে ব্যবসা, চাকরি, সামাজিক লেনদেনসহ জীবনের প্রতিটি ক্ষেত্রে ইসলামের বিধান অনুসরণ করতে হবে।"
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন চৌগাছা উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা গোলাম মোর্শেদ এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের যশোর জেলা পশ্চিমের সাবেক সভাপতি মাহমুদুর রহমান।
সভায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রম জোরদার, কর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালন এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। আলোচনা পর্ব শেষে আসন্ন পাশাপোল ইউনিয়ন পরিষদ নির্বাচনে জামায়াতে ইসলামীর পক্ষে মো. মাহমুদুর রহমানকে একক চেয়ারম্যান প্রার্থী হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয়।
অনুষ্ঠানে স্থানীয় জামায়াত ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ও বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ