
নিজস্ব প্রতিবেদক:
প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হওয়ার পরও নিয়োগপত্র না পাওয়ায় যশোরের জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন ১০৬ জন প্রার্থী। শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১১টা থেকে এ কর্মসূচিতে জেলার বিভিন্ন উপজেলা থেকে আসা প্রার্থীরা অংশ নেন।
আন্দোলনকারী প্রার্থীদের দাবি, জেলায় চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত ২৯০ জন প্রার্থীর মধ্যে ১৮৪ জনকে নিয়োগপত্র দেওয়া হলেও ১০৬ জনকে এখনও আটকে রাখা হয়েছে। প্রার্থীদের অভিযোগ, বিভিন্ন অজুহাতে তাদের নিয়োগপত্র দেওয়া হচ্ছে না এবং অধিকাংশ ক্ষেত্রেই রাজনৈতিক কারণে তাদের বাদ দেওয়া হয়েছে।
তারা আরও জানান, বিষয়টি ইতোমধ্যে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতকে অবহিত করা হয়েছে। তিনি বিষয়টি গুরুত্বসহকারে দেখার আশ্বাস দিয়েছেন এবং জেলা আইনশৃঙ্খলা সংক্রান্ত সভায় আলোচনা করবেন বলে জানিয়েছেন।
দ্রুত নিয়োগ সমস্যার সমাধান না হলে আজ রোববার (২৭ সেপ্টেম্বর) বাদ পড়া প্রার্থীরা জেলা প্রাথমিক শিক্ষা অফিসে সমবেত হয়ে কঠোর পরবর্তী কর্মসূচির ঘোষণা দেবেন বলে জানা গেছে।