প্রিন্ট এর তারিখঃ Sep 24, 2026 ইং || প্রকাশের তারিখঃ 24 September 2026, 09:42 ইং
উৎসবমুখর পরিবেশে যশোর এম এম কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার :
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে যশোরের ঐতিহ্যবাহী সরকারি মাইকেল মধুসূদন (এম এম) কলেজে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের উচ্চ মাধ্যমিক একাদশ শ্রেণির নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার কলেজ চত্বরে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে নতুন শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে বরণ করে নেয় কলেজ প্রশাসন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি মাইকেল মধুসূদন কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. হারুন অর রশিদ। নবীন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে তিনি বলেন, "এম এম কলেজের গৌরবময় ইতিহাসের অংশ হতে পারা যেকোনো শিক্ষার্থীর জন্যই আনন্দের। সুশিক্ষায় শিক্ষিত হয়ে আগামী দিনের নতুন বাংলাদেশ বিনির্মাণে নতুন প্রজন্মকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলেজের উপাধ্যক্ষ এবং প্রফেসর এ, কে, এম রফিকুল ইসলাম। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের দিকনির্দেশনামূলক পরামর্শ দেন শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর মোঃ আতিয়ার রহমান। বক্তারা শিক্ষার্থীদের নিয়মিত ক্লাসে উপস্থিত থাকা এবং পড়াশোনার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমে যুক্ত হয়ে নিজেদের মেধা বিকাশের আহ্বান জানান।
উচ্চ মাধ্যমিক কোর্স সমন্বয় কমিটি (২০২৬-২৭) এর আহ্বায়ক ও প্রাণিবিদ্যা বিভাগের প্রধান প্রফেসর মোঃ মহসীন উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক ও নবীন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সভাপতির সমাপনী বক্তব্যে তিনি নতুন শিক্ষাবর্ষের সার্বিক পরিকল্পনা তুলে ধরেন এবং সকলকে ধন্যবাদ জানান।
এদিন সকাল থেকেই নবীন শিক্ষার্থীদের প্রাণবন্ত পদচারণায় মুখরিত হয়ে ওঠে পুরো এম এম কলেজ ক্যাম্পাস।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ