প্রিন্ট এর তারিখঃ Sep 23, 2026 ইং || প্রকাশের তারিখঃ 23 September 2026, 01:03 ইং
যশোরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের জেলা পর্যায়ের খেলা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার :
"মাদকদ্রব্য ত্যাগ করি, কিশোর গ্যাং নির্মূল করি, সুস্থ-সবল জীবন গড়ি"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে যশোর জেলা পুলিশের আয়োজনে "১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬"-এর জেলা পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। তরুণ সমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করে অপরাধমুক্ত জীবন গঠনে উদ্বুদ্ধ করা এবং কমিউনিটি পুলিশিং কার্যক্রমকে গতিশীল করতে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শকের (আইজিপি) নির্দেশে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়।
আজ মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল ১০টায় যশোর টাউন হল মাঠে জেলা পুলিশের পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ রাজিবুল ইসলাম প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
কমিউনিটি পুলিশিং কমিটির সার্বিক সহযোগিতা এবং স্থানীয় ক্রীড়া সংস্থার পরামর্শে বাংলাদেশ কাবাডি ফেডারেশনের প্রয়োজনীয় কারিগরি সহায়তায় নির্ধারিত বাইলজ অনুযায়ী খেলাগুলো পরিচালিত হয়।
প্রতিযোগিতার প্রাথমিক ধাপে প্রথমে ইউনিয়ন পর্যায়ে দল গঠন করে উপজেলার সেরা নারী ও পুরুষ দল বাছাই করা হয়। পরবর্তীতে উপজেলা পর্যায়ের বিজয়ী দলগুলো নিয়ে জেলা পর্যায়ের মূল পর্ব শুরু হয়। জেলা পর্যায়ে চূড়ান্ত বিজয়ী ও রানার্সআপ নির্ধারণে যশোরের আটটি উপজেলার ৮টি পুরুষ ও ৮টি নারী দল এই খেলায় অংশগ্রহণ করে।
দিনব্যাপী জাঁকজমকপূর্ণ প্রতিদ্বন্দ্বিতা শেষে পুরুষ বিভাগে কোতোয়ালি থানা ও অভয়নগর থানা পুরুষ দল ফাইনালে উন্নীত হয়। অন্যদিকে নারী বিভাগে কোতোয়ালি থানা ও বাঘারপাড়া থানা নারী দল ফাইনালে পৌঁছাতে সক্ষম হয়। জেলা পর্যায়ের এই চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলগুলো পরবর্তীতে বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নেবে, সেখান থেকে বিজয়ী দলগুলো সুযোগ পাবে জাতীয় পর্যায়ে খেলার।
উদ্বোধনী অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (খ-সার্কেল) মোঃ মুন্না বিশ্বাস, সহকারী পুলিশ সুপার (নাভারন সার্কেল) মোঃ আরিফ হোসেন, সহকারী পুলিশ সুপার (মনিরামপুর সার্কেল) জনাব ইমদাদুল হক, শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারবৃন্দ, কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ, পুলিশ লাইন্সের আরআই, বাংলাদেশ কাবাডি ফেডারেশন মনোনীত রেফারি এবং বিভিন্ন উপজেলা থেকে আগত খেলোয়াড়, কোচ ও জেলা পুলিশের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ