প্রিন্ট এর তারিখঃ Sep 23, 2026 ইং || প্রকাশের তারিখঃ 23 September 2026, 01:01 ইং
যশোরে জেলা যুবদলের বিক্ষোভ সমাবেশ ও মিছিল

স্টাফ রিপোর্টার :
পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে ও তা প্রতিহতের দাবিতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে যশোর জেলা যুবদল। মঙ্গলবার বিকেলে শহরের দলীয় কার্যালয়ের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা যুবদলের আহ্বায়ক এম তমাল আহমেদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশরাফুল কবির সুমন, যুগ্ম আহ্বায়ক কবির হোসেন বাবু, নাজমুল হোসেন বাবুল, অধ্যাপক আমিনুর রহমান মধু, আরিফুল ইসলাম আরিফ ও ইমদাদুল হক। এছাড়া আরও বক্তব্য রাখেন সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক তানভীর রায়হান তুহিন ও আবুল কালাম আজাদসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা বলেন, দীর্ঘ ১৭ বছরের আন্দোলন-সংগ্রামের পর অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে তারেক রহমানের নেতৃত্বে বর্তমান গণতান্ত্রিক সরকারের যাত্রা শুরু হয়েছে। কিন্তু দেশের এই গণতান্ত্রিক অগ্রগতিকে নস্যাৎ করতে একটি দেশবিরোধী চক্র নতুন করে অপতৎপরতা শুরু করেছে। তারা পরিকল্পিতভাবে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে দেশকে অস্থিতিশীল করার পাঁইতারা করছে।
বক্তারা আরও উল্লেখ করেন, অতীতেও বিএনপি যখনই জনগণের ম্যান্ডেট নিয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় এসেছে, তখনই দেশবিরোধী চক্র একইভাবে চক্রান্ত চালিয়েছে। তবে প্রতিবারই জনগণ ঐক্যবদ্ধ হয়ে তাদের সেই চক্রান্ত নস্যাৎ করে দিয়েছে। বিএনপির সাথে দেশের সাধারণ জনগণ রয়েছে, কোনো সন্ত্রাসী বা দুষ্কৃতকারীর স্থান এই দলে নেই। তাই দেশে যেকোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড বরদাশত করা হবে না এবং জনগণকে সাথে নিয়ে তা প্রতিহত করা হবে।
নেতাকর্মীদের সার্বক্ষণিক সজাগ থাকার আহ্বান জানিয়ে বক্তারা স্পষ্ট বার্তা দেন, যশোরের মাটিতে কোনো সন্ত্রাসীর ঠাঁই হবে না।
সমাবেশ শেষে দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চৌরাস্তার মোড়ে গিয়ে শেষ হয়।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ