প্রিন্ট এর তারিখঃ Sep 21, 2026 ইং || প্রকাশের তারিখঃ 21 September 2026, 08:18 ইং
মেসি-সুয়ারেজের গোলেও কাটল না মায়ামির জয়খরা, স্যান ডিয়েগোর সাথে ড্র

খেলাধুলা :
ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে দারুণভাবে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছিল ইন্টার মায়ামি। তবে মেজর লিগ সকারে (এমএলএস) ফিরতেই আবারো পুরোনো বৃত্তে বন্দি হলো ফ্লোরিডার দলটি। লিওনেল মেসি ও লুইস সুয়ারেজের গোল সত্ত্বেও ঘরের মাঠ ‘নু স্টেডিয়ামে’ স্যান ডিয়েগোর বিপক্ষে ২-২ গোলে ড্র করেছে মায়ামি। এই নিয়ে লিগে টানা চার ম্যাচে জয়বঞ্চিত রইল তারা।
ঘরের মাঠে ম্যাচের শুরুতেই পিছিয়ে পড়ে ইন্টার মায়ামি। ম্যাচের ১২তম মিনিটে স্যান ডিয়েগোর ড্যানিশ ফরোয়ার্ড অ্যান্ডার্স ড্রেয়ার চমৎকার শটে মায়ামি গোলরক্ষক ডেইন সেন্ট ক্লেয়ারকে পরাস্ত করে বল জালে জড়ান (১-০)।
শুরুতেই গোল হজম করলেও ডিয়েগোর ফাইনাল থার্ডে টানা আক্রমণ ও বল দখলে একক আধিপত্য বজায় রাখে মায়ামি। ফলস্বরূপ ২৪তম মিনিটে দৃষ্টিনন্দন ফ্রি কিকে দলকে সমতায় ফেরান অধিনায়ক লিওনেল মেসি। বক্সের ডান প্রান্ত থেকে তার বাঁ পায়ের উড়ন্ত শট গোললাইনের সামনে ড্রপ খেয়ে দূরের পোস্ট ছুঁয়ে জালে আশ্রয় নেয় (১-১)।
এই গোলের মাধ্যমে চলতি এমএলএস মৌসুমে নিজের ২০তম গোলটি পূরণ করলেন মেসি। এর পাশাপাশি ইন্টার মায়ামির জার্সিতে ১০১তম এবং নিজের পেশাদার ক্যারিয়ারের ৯৩০তম গোল এটি। তাছাড়া ফ্রি কিক থেকে এটি ছিল তার ৭৫তম গোল।
সমতায় ফেরার পর মায়ামির আক্রমণের তীব্রতা আরো বাড়ে। দ্বিতীয় অর্ধে জয়ের জন্য একের পর এক সুযোগ তৈরি করতে থাকে তারা। ৭৪তম মিনিটে মিডফিল্ডার রদ্রিগো দে পলের দারুণ এক পাস থেকে বল ধরে দুর্দান্ত ফিনিশিংয়ে মায়ামিকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন লুইস সুয়ারেজ।
জয়ের খুব কাছাকাছি গিয়েও ম্যাচের শেষ ১০ মিনিটে মনোযোগ হারিয়ে ফেলে মায়ামির রক্ষণভাগ। শেষ মুহূর্তে চমক দেখায় স্যান ডিয়েগো। ভার্সকোভের বাড়ানো নিখুঁত পাস থেকে বল পেয়ে নিজের ও দলের দ্বিতীয় গোলটি করেন ড্রেয়ার। এতে ২-২ সমতায় শেষ হয় রোমাঞ্চকর লড়াইটি।
সর্বশেষ ৯ ম্যাচের মধ্যে মাত্র একটিতে জয় পাওয়া ইন্টার মায়ামি এই ড্রয়ের ফলে এমএলএস পয়েন্ট টেবিলের তিন নম্বরে নেমে গেছে। ২৬ ম্যাচ শেষে ৪৬ পয়েন্ট পাওয়া মায়ামি শীর্ষে থাকা ন্যাশভিলের চেয়ে বর্তমানে ১১ পয়েন্টে পিছিয়ে রয়েছে। মায়ামির সমান ৪৬ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে থেকে দ্বিতীয় স্থানে অবস্থান করছে নিউ ইংল্যান্ড রেভ্যুলেশন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ