প্রিন্ট এর তারিখঃ Sep 17, 2026 ইং || প্রকাশের তারিখঃ 16 September 2026, 11:40 ইং
স্থানীয় সরকার নির্বাচন: যশোরে পুলিশের দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু
নিজস্ব প্রতিবেদক:
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, ভোটাধিকার সুরক্ষা ও নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের লক্ষ্যে যশোর জেলা পুলিশের ব্যবস্থাপনায় পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধিমূলক দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার (১ম ব্যাচ) উদ্বোধন করা হয়েছে।
আজ ১৬ সেপ্টেম্বর (২০২৬) যশোর পুলিশ লাইন্সের ব্যারাকের নিচতলায় অবস্থিত প্রশিক্ষণ কক্ষে পুলিশ হেডকোয়ার্টার্সের নির্দেশনা অনুযায়ী এ প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন যশোর জেলার পুলিশ সুপার জনাব সৈয়দ রফিকুল ইসলাম, পিপিএম-সেবা।
প্রশিক্ষণ কর্মশালায় যশোর জেলা পুলিশ, পিবিআই যশোর এবং হাইওয়ে পুলিশ (খুলনা রিজিয়ন)-এর বিভিন্ন পদমর্যাদার ৫০ জন পুলিশ সদস্য অংশ নিয়েছেন। নির্বাচন সংক্রান্ত ‘টিঅটি’ (Training of Trainers) প্রশিক্ষণপ্রাপ্ত প্রশিক্ষকগণ মোট ১১টি সেশন পরিচালনা করবেন। সেশনগুলো শেষে মূল্যায়নের মাধ্যমে এই প্রশিক্ষণ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে সম্পন্ন হবে।
উদ্বোধনী বক্তব্যে পুলিশ সুপার বলেন, স্থানীয় সরকার নির্বাচনে পেশাদারত্ব, নিরপেক্ষতা এবং দক্ষতার সাথে দায়িত্ব পালন নিশ্চিত করতেই এই বাস্তবভিত্তিক প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রশিক্ষণ কোর্সের ফোকাল পয়েন্ট কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) জনাব মোঃ সাখাওয়াত হোসেন, যশোর জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীবৃন্দ।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ