প্রিন্ট এর তারিখঃ Sep 12, 2026 ইং || প্রকাশের তারিখঃ 12 September 2026, 07:59 ইং
মাগুরা ও যশোর যুবদলের দুই নেতাকে কেন্দ্রীয় কমিটির চূড়ান্ত সতর্কতা

স্টাফ রিপোর্টার :
অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ার সুনির্দিষ্ট অভিযোগে মাগুরা জেলা যুবদলের সভাপতি এম. ওয়াসিকুর রহমান কল্লোল এবং যশোর জেলা যুবদলের সদস্য সচিব আনসারুল হক রানাকে চূড়ান্তভাবে সতর্ক করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি। দলীয় নীতি ও শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ড থেকে বিরত না থাকলে তাদের বিরুদ্ধে সর্বোচ্চ সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির দপ্তরের দায়িত্বে থাকা যুগ্ম সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়ার স্বাক্ষরিত এক চিঠিতে এই নির্দেশ জারি করা হয়।
চিঠিতে উল্লেখ করা হয়, জেলা যুবদলের সভাপতি ও সদস্য সচিবের মতো গুরুত্বপূর্ণ দায়িত্বে অধিষ্ঠিত থাকার পরও ওই দুই নেতার বিরুদ্ধে একাধিক অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ার লিখিত ও মৌখিক অভিযোগ কেন্দ্রীয় কমিটির নিকট উত্থাপিত হয়েছে। সংগঠনবিরোধী এসব কর্মকাণ্ড জাতীয়তাবাদী যুবদলের ভাবমূর্তির জন্য যেমন দুঃখজনক, তেমনি চরম বিব্রতকর।
চিঠিতে আরও বলা হয়, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এমপি-র নির্দেশক্রমে এ নোটিশ প্রদান করা হলো। ভবিষ্যতে দলীয় নীতি ও শৃঙ্খলা পরিপন্থী কাজ অব্যাহত থাকলে সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী কঠোর সাংগঠনিক ক্ষমতা প্রয়োগ করা হবে।
এর আগে গত মে মাসেও অনৈতিক ও অপরাধমূলক কর্মকাণ্ডে যুক্ত থাকার অভিযোগে এই দুই নেতাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছিল যুবদল কেন্দ্র। এবার তাদের বিরুদ্ধে চূড়ান্ত সতর্কবার্তা জারি করা হলো৷
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ