প্রিন্ট এর তারিখঃ Sep 9, 2026 ইং || প্রকাশের তারিখঃ 09 September 2026, 09:10 ইং
চৌগাছায় ভাতিজার বিরুদ্ধে চাচার সংবাদ সম্মেলন: সার সিন্ডিকেট ও জমি দখলের অভিযোগ

স্টাফ রিপোর্টার :
যশোরের চৌগাছা বাজারের সার ব্যাবসায়ী আতিকুর রহমান লেন্টুর বিরুদ্ধে মিথ্যাচার, পরিবার ও স্থানীয়দের হয়রানি এবং অবৈধ সম্পদ দখলের অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন তার আপন ছোট চাচা ইছাহক আলী। বুধবার যশোর প্রেসক্লাবে উপস্থিত হয়ে তিনি লিখিত বক্তব্যে এসব অভিযোগ তোলেন।
ইছাহক আলী অভিযোগ করে জানান, তার ভাতিজা আতিকুর রহমান লেন্টু বিগত ১৭ বছর ধরে আওয়ামী লীগ সরকারের রাজনৈতিক প্রভাব ব্যবহার করে বিসিআইসির সারের ডিলারশিপ বাগিয়ে নেন। ক্ষমতার পটপরিবর্তনের পর সে এখন ‘নব্য বিএনপি’ সেজে পুনরায় ডিলারশিপ হাতানোর চক্রান্ত করছে।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, লেন্টু নিজের পরিবারের অর্থ ও সম্পত্তি অবৈধভাবে দখল করেছে। এমনকি তার সেজো ভাই মরহুম ইসমাইল হোসেনের বাজারের একটি দোকানঘর জাল-জালিয়াতির মাধ্যমে দখল করে নেয়। এছাড়া চৌগাছা মডেল মসজিদ নির্মাণ কাজ আটকে দিতে সে হাইকোর্টে রিট দায়ের করেছিল বলেও উল্লেখ করা হয়।
ইছাহক আলী বলেন, "গত ৮ সেপ্টেম্বর সংবাদ সম্মেলন করে লেন্টু পরিবারের সম্পদ আত্মসাতের কথা অস্বীকার করে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিল। আমরা পরিবারের সকলে সেই চ্যালেঞ্জ গ্রহণ করছি এবং প্রমাণাদিসহ আত্মসাৎ করা সকল সম্পদ ফেরতের দাবি জানাচ্ছি।
চৌগাছা বাজারে অবৈধ জমি দখলের চেষ্টা প্রতিহত করার কথা জানিয়ে তিনি স্থানীয় প্রশাসন, সাংবাদিক ও সুশীল সমাজের সহযোগিতা কামনা করেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ