প্রিন্ট এর তারিখঃ Sep 4, 2026 ইং || প্রকাশের তারিখঃ 03 September 2026, 11:17 ইং
যশোরে নিউ সাকো ডিপার্টমেন্টাল স্টোরে পচা খাবার বিক্রি, খেয়ে অসুস্থ শিশু

বিশেষ প্রতিনিধি:
যশোর শহরের দরাটানা মোড়ের ঐতিহ্যবাহী 'নিউ সাকো ডিপার্টমেন্টাল স্টোর'-এর বিরুদ্ধে পচা ও নষ্ট উপকরণ দিয়ে তৈরি খাবার বিক্রির গুরুতর অভিযোগ উঠেছে। দোকানটি থেকে কেনা ডিম প্যাটিস খেয়ে দুই শিশু অসুস্থ হয়ে পড়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী পরিবার। উপরন্তু, খাবার নষ্ট হওয়ার প্রতিবাদ জানাতে গেলে ক্রেতার ওপর চড়াও হওয়ার অভিযোগ উঠেছে দোকানকর্মীদের বিরুদ্ধে।
জানা যায়, বুধবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে ডিবিসি নিউজের যশোর প্রতিনিধি এম এইচ উজ্জ্বল নিউ সাকো ডিপার্টমেন্টাল স্টোর থেকে চারটি ডিম প্যাটিস কিনে বাড়ি নিয়ে যান। খাওয়ার সময় তার ছোট মেয়ে একটি প্যাটিসে কামড় দেওয়ার পরপরই তীব্র দুর্গন্ধ বের হতে থাকে। পরে প্যাটিসটি ভেঙে দেখা যায়, ভেতরের ডিম বিজল-বিজল ও সম্পূর্ণ পচে গেছে। ওই প্যাটিস খাওয়ার কিছুক্ষণ পরই শিশুটির পেটে তীব্র ব্যথা শুরু হয় এবং পরবর্তীতে তার দুই সন্তানই অসুস্থ হয়ে পড়ে।
ভুক্তভোগী সাংবাদিক এম এইচ উজ্জ্বল জানান, ঘটনাটি নিয়ে তাৎক্ষণিক প্রতিবাদ জানাতে তিনি নষ্ট প্যাটিসগুলো নিয়ে নিউ সাকো ডিপার্টমেন্টাল স্টোরে যান। প্রথমে কর্মচারীরা প্যাটিস নষ্ট হওয়ার বিষয়টি স্বীকার করলেও, পরবর্তীতে দায়িত্বপ্রাপ্ত এক ব্যক্তির কাছে বিষয়টি তুলে ধরে ক্যামেরা চালু করতেই তিনি ক্ষিপ্ত হয়ে ওঠেন। উল্টো অসৌজন্যমূলক আচরণ করে তিনি বলেন, "যা মন চায় করুন, এখন বন্ধের সময়, এগুলো নিয়ে চলে যান।" ভুক্তভোগীর দাবি, এর আগেও এই দোকান থেকে নিম্নমানের খাবার কিনে প্রতারিত হয়েছেন তিনি।
নগরবাসীর প্রশ্ন, শহরের কেন্দ্রে অবস্থিত এমন একটি নামীদামি প্রতিষ্ঠানে প্রস্তুতকৃত খাবারের মান ও সংরক্ষণ ব্যবস্থা আদৌ কতটা নিরাপদ? একই সাথে পচা খাবার বিক্রি করে উল্টো ক্রেতার সাথে অসদাচরণ করায় সাধারণ ভোক্তাদের সুরক্ষা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।
এ বিষয়ে দ্রুত তদন্ত পরিচালনা করে খাবারের নমুনা পরীক্ষা করা এবং ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের মাধ্যমে দৃষ্টান্তমূলক আইনানুগ ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানিয়েছেন ভুক্তভোগী ও স্থানীয় বাসিন্দারা।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ