প্রিন্ট এর তারিখঃ Sep 1, 2026 ইং || প্রকাশের তারিখঃ 01 September 2026, 17:14 ইং
‘অসাধু উপায়ে রিজিক অর্জনের প্রয়োজন নেই’: অনিন্দ্য ইসলাম অমিত

স্টাফ রিপোর্টার :
আল্লাহ তাআলার নির্ধারিত রিজিক প্রতিটি মানুষের ঘরে পৌঁছে যাবে, তাই রিজিক অর্জনে অসাধু পথ অবলম্বনের কোনো প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যশোর শহরের টাউন হল মাঠে আয়োজিত সমাবেশ ও আনন্দ শোভাযাত্রার পূর্বে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সমাবেশে অনিন্দ্য ইসলাম অমিত বলেন, "দুর্ভাগ্য আমাদের, বিদায়ী আওয়ামী লীগ এমন এক রাজনীতির চর্চা করে গেছে যে, যারা নতুন রাজনীতিতে এসেছে তারা অনেকেই হয়তো মনে করছেন সেটিই রাজনীতির মূল সংস্কৃতি। বর্তমানে নতুন কিছু রাজনৈতিক দলের আচরণে তা দেখতে পাওয়া যাচ্ছে।"
তিনি আরও বলেন, "নতুন বন্দোবস্তের কথা বলব, অথচ পতিত ফ্যাসিস্টের ভাষায় কথা বলব, প্রতি মুহূর্তে অন্য দলকে তুচ্ছ-তাচ্ছিল্য করব কিংবা বড়দের অসম্মান করব—এটি কোনো রাজনৈতিক সংস্কৃতি হতে পারে না। অন্তত এই অপসংস্কৃতি বাংলাদেশের মাটির সংস্কৃতি নয় এবং বিএনপি তা ধারণ করে না।"
দলের নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের চিন্তাধারা বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। একই সঙ্গে বর্তমান সরকারের যাবতীয় উন্নয়ন ও সামাজিক কর্মসূচি যেন মাঠপর্যায়ে যথাযথভাবে পরিচালিত হয়, সে বিষয়ে নেতাকর্মীদের সোচ্চার থাকার পরামর্শ দেন তিনি। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যারা বাংলাদেশের স্বাধীনতা ও জাতীয় অস্তিত্বে বিশ্বাস করেনি, তারা এখন পর্দার অন্তরালে এক হওয়ার চেষ্টা করছে।
যশোর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবুর সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, সাবেক নগর বিএনপি সভাপতি মারুফুল ইসলাম এবং জেলা যুবদলের আহ্বায়ক এম তমাল আহমেদসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দ।
সংক্ষিপ্ত সমাবেশ শেষে টাউন হল মাঠ থেকে একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জজ কোর্ট মোড়ে গিয়ে শেষ হয়।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ